খুঁজুন
                               
, ,

জিমেইলে এআই যুক্ত করলো গুগল, ইমেইল ব্যবহারে আসছে বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
জিমেইলে এআই যুক্ত করলো গুগল, ইমেইল ব্যবহারে আসছে বড় পরিবর্তন

ইমেইল ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে জিমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করেছে গুগল। ‘জেমিনি’ নামের এই এআই সহকারীর মাধ্যমে এখন ইমেইল খোঁজা, করণীয় কাজ চিহ্নিত করা এবং দ্রুত উত্তর লেখার মতো কাজ আরও সহজ করে তুলতে চায় প্রতিষ্ঠানটি। তবে আধুনিক এই সুবিধার পাশাপাশি ব্যবহারকারীর গোপনীয়তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গুগল জানিয়েছে, ধাপে ধাপে জিমেইলে এআইভিত্তিক ফিচার যুক্ত করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে এসব সুবিধার রোলআউট শুরু হয়েছে। মূল উদ্দেশ্য হলো— ক্রমেই বড় হয়ে ওঠা ইনবক্স সামলানো সহজ করা এবং ইমেইল ব্যবহারে সময় ও শ্রম কমিয়ে আনা।
এই নতুন ফিচারগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে জেনারেটিভ এআই প্রযুক্তি। মানুষের ভাষা বোঝা ও বিশ্লেষণ করার ক্ষমতা থাকা এই প্রযুক্তির মাধ্যমে জেমিনি ব্যবহারকারীর ইমেইল পড়তে ও প্রাসঙ্গিক তথ্য বের করতে পারবে। ফলে ইনবক্সে থাকা শত শত মেইলের ভিড় থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া হবে আগের চেয়ে অনেক দ্রুত।
নতুন ব্যবস্থায় ব্যবহারকারী প্রশ্নের আকারে ইমেইল সার্চ করতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি লেখেন— “গত মাসে চাকরি নিয়ে যার সঙ্গে কথা হয়েছিল, তার নাম কী?” তাহলে জেমিনি সময়, প্রসঙ্গ এবং কথোপকথনের ধরণ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ইমেইলটি খুঁজে বের করার চেষ্টা করবে। সাধারণ কিওয়ার্ড সার্চের তুলনায় এই পদ্ধতি অনেক বেশি স্মার্ট ও কার্যকর বলে দাবি গুগলের।
এ ছাড়া গুগল একটি নতুন ধরনের ইনবক্স চালুর পরিকল্পনাও করছে, যা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এই ইনবক্স ইমেইলের ভেতরে থাকা করণীয় কাজগুলো শনাক্ত করবে এবং সেগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি টু-ডু লিস্ট তৈরি করবে। ফলে আলাদা করে নোট নেওয়া বা অন্য অ্যাপে কাজের তালিকা লেখার প্রয়োজন কমে আসবে। গুগলের আশা, বছরের শেষ দিকে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করা যাবে।
ইমেইল লেখার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে। নতুন এআই টুলে থাকছে স্বয়ংক্রিয় প্রুফরিডিং সুবিধা, যা বানান ও ভাষাগত ভুল ধরিয়ে দেবে। পাশাপাশি প্রাসঙ্গিক উত্তর সাজেস্ট করার অপশনও থাকবে। ব্যবহারকারী চাইলে সেই উত্তর হুবহু পাঠাতে পারবেন অথবা নিজের প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করে নিতে পারবেন।
গুগল জানিয়েছে, এসব ফিচারের কিছু অংশ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে আরও উন্নত ও শক্তিশালী সুবিধা পেতে সাবস্ক্রিপশন নিতে হবে। কোন কোন ফিচার ফ্রি থাকবে আর কোনগুলো পেইড হবে—সে বিষয়ে ধাপে ধাপে বিস্তারিত জানানো হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন ইমেইল ব্যবহারের অভ্যাসে বড় প্রভাব ফেলতে পারে। এত দিন ব্যবহারকারীদের বারবার ইনবক্স খুলে গুরুত্বপূর্ণ মেইল খুঁজে বের করতে হতো। এখন পুরো ইনবক্সের একটি সারসংক্ষেপ পাওয়া সম্ভব হবে। ফলে গুরুত্বপূর্ণ কাজ দ্রুত চোখে পড়বে এবং অপ্রয়োজনীয় মেইল এড়িয়ে চলা সহজ হবে।
তবে এআই ব্যবহারের সঙ্গে সঙ্গে গোপনীয়তা নিয়ে উদ্বেগও বাড়ছে। এসব সুবিধা দিতে হলে জেমিনিকে ব্যবহারকারীর ইনবক্সে প্রবেশাধিকার দিতে হবে, যা ব্যক্তিগত তথ্য বিশ্লেষণের প্রশ্ন তুলে দেয়। গুগলের দাবি, এআই ইমেইল বিশ্লেষণ করলেও কোনো মানব কর্মী ব্যবহারকারীর ব্যক্তিগত মেইল পড়েন না। পাশাপাশি তথ্য সুরক্ষায় আলাদা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবু গোপনীয়তা বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, এত বড় পরিসরে ব্যক্তিগত যোগাযোগ বিশ্লেষণ করা হলে ভবিষ্যতে নতুন ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে নিউইয়র্ক টাইমসের প্রযুক্তি প্রতিবেদক ব্রায়ান এক্স চেন এক সপ্তাহ ধরে এআই-যুক্ত জিমেইল ব্যবহার করে দেখেছেন। তার অভিজ্ঞতায়, স্বয়ংক্রিয় করণীয় তালিকা তৈরির ফিচারটি বেশ কার্যকর। তবে ইমেইল লেখার গতি বাড়ানোর টুলগুলো এখনো পুরোপুরি সন্তোষজনক নয় বলে তিনি মন্তব্য করেছেন।
সব মিলিয়ে, জিমেইলে এআই যুক্ত হওয়ায় ইমেইল ব্যবহারে নতুন দিগন্তের সূচনা হলেও গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকছে।

বিজ্ঞান-প্রযুক্তি থেকে চাঁদপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
বিজ্ঞান-প্রযুক্তি থেকে চাঁদপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে!

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ বাতিল করে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া।
প্রস্তাবিত ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়ার ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত চাওয়া হয়েছে। ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ রহিত করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় সৃজন করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠির সঙ্গে আইনের খসড়ার সংযুক্ত করে দেওয়া হয়েছে।
চিঠিতে জানা যায়, ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ রহিত করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় সৃজন করতে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে গত ৮ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিবকে সভাপতি করে আট সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটি কর্তৃক একটি খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রচলিত নিয়মানুযায়ী- খসড়া আইনটির ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত নেওয়া প্রয়োজন। এমতাবস্থায়, ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়ার ওপর মতামত দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনও নিখোঁজ ৫ জেলে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনও নিখোঁজ ৫ জেলে

উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখনও পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে আরও আট জেলেকে। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ট্রলার মালিক সমিতি। সোমবার (২৪ আগস্ট) বিকেলে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক বরগুনার পাথরঘাটার আশরাফ কোম্পানি। খোঁজ নিয়ে জানা গেছে, চার দিন আগে ১৩ জন জেলে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় ‘এফবি বরকত’। গতকাল সোমবার বিকেলে সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে ডুবে যাওয়া ট্রলারের কাছাকাছি থাকা পাথরঘাটার অপর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা পানিতে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে তারা ট্রলারডুবির বিষয়টি মালিকপক্ষকে জানান। এ ঘটনায় এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে কাজ করছে ট্রলার মালিক সমিতি। নিখোঁজ পাঁচ জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘এফবি বরকত’ নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার খবর তারা অপর একটি ট্রলারের জেলেদের মাধ্যমে পেয়েছেন। খবর পাওয়ার পর ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে। এ ঘটনায় উদ্ধার হওয়া আট জেলেকে উপকূলে নিয়ে আসা হচ্ছে।

ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের জুন ২০২৬ Cambridge O Level পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছেন সাফওয়ান হোসেন। রাজধানীর Scholastica Uttara-এর এই মেধাবী শিক্ষার্থী সাতটি বিষয়ে পরীক্ষা দিয়ে প্রতিটিতেই A + গ্রেড অর্জন করেছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, Mathematics Syllabus D বিষয়ে সাফওয়ান হোসেন পেয়েছেন ৯৯ নম্বর, Physics-এ ৯৮, Biology-তে ৯৬, English Language-এ ৯৫, Chemistry-তে ৯৪, Additional Mathematics-এ ৯৩ এবং Bengali-তে ৯২ নম্বর। সাতটি বিষয়ের মোট নম্বরের গড় দাঁড়িয়েছে ৯৫.৬ শতাংশ।
বিশেষ করে Mathematics-এ ৯৯ এবং Physics-এ ৯৮ নম্বর অর্জন তাঁর অসাধারণ একাডেমিক দক্ষতার প্রমাণ বহন করছে। বিজ্ঞান ও গণিতের পাশাপাশি ভাষাভিত্তিক বিষয়েও সর্বোচ্চ গ্রেড অর্জন তাঁর বহুমুখী মেধা ও ধারাবাহিক অধ্যবসায়ের পরিচয় দিয়েছে। সাফওয়ান হোসেন বিশিষ্ট শিল্পপতি ও ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (DBCCI) প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন মামুন এবং শিল্প উদ্যোগতা শেখ সুবর্ণা রসুলের জ্যেষ্ঠ সন্তান। দুই ভাইয়ের মধ্যে সাফওয়ান বড় তাঁর ছোট ভাই সারওয়ান হোসেন। সাফওয়ানের এই কৃতিত্বে তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। একজন শিক্ষার্থীর এমন সাফল্য শুধু পরিবারের জন্য নয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের জন্যও গর্বের বিষয়।
শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট মহলের মতে, আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থায় এমন ফলাফল অর্জনের পেছনে শিক্ষার্থীর মেধার পাশাপাশি নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম, আত্মনিয়ন্ত্রণ, অভিভাবকের সহযোগিতা এবং শিক্ষকদের যথাযথ দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাফওয়ানের সাত বিষয়ে A + অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই সাফল্য দেশের অন্যান্য শিক্ষার্থীকেও পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সাফওয়ান হোসেনের এই অসাধারণ সাফল্যে দেশবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। তাঁর মেধা, পরিশ্রম ও সাফল্যের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং উচ্চশিক্ষা ও কর্মজীবনে তিনি দেশের জন্য আরও গৌরব বয়ে আনবেন এমন প্রত্যাশা সবার।