খুঁজুন
                               
, ,

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে: আইএসপিআর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ণ
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে: আইএসপিআর

আসন্ন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাস এলাকায় নির্দিষ্ট কিছু সময়ে সাধারণ যানবাহন চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকাল ও দুপুরে দুই দফায় সেনানিবাসের প্রধান সড়কগুলোতে সাধারণ গাড়ি চলাচল পরিহার করার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আইএসপিআর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের বিভিন্ন কর্মসূচি চলাকালীন ঢাকা সেনানিবাসের প্রধান সড়কগুলো (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত) সম্পূর্ণ যানজটমুক্ত রাখা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে সেনানিবাসে বসবাসকারী ব্যক্তি এবং অনুষ্ঠানমালায় আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া অন্য সব সাধারণ যানবাহনকে ওই রাস্তা ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী—
প্রথম দফা: সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত।
দ্বিতীয় দফা: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
এই সময়গুলোতে ঢাকা সেনানিবাস এলাকার ভেতরে ও এর সংযোগ সড়ক দিয়ে সাধারণ যানবাহন চলাচল এড়িয়ে চলার জন্য সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে আইএসপিআর।

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমেছে ১২ হাজার টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ণ
টানা ৫ দফায় স্বর্ণের দাম কমেছে ১২ হাজার টাকা

দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমেছে ১২ হাজার টাকা। আজ ভ্যাটসহ প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ কয়রা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এ নিয়ে টানা পাঁচ দফায় স্বর্ণের দাম কমল। সব মিলিয়ে এই সময়ে প্রতি ভরিতে দাম কমেছে ১২ হাজার ৭১ টাকা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। নির্ধারিত দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে, স্বর্ণের দাম কমানো হলেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আনেনি বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রয়েছে ২ হাজার ২১৬ টাকা।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

হরমুজ সংকট নিরসনে ওমান-ইরান বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ণ
হরমুজ সংকট নিরসনে ওমান-ইরান বৈঠক

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করেছে ওমান ও ইরান। এ নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওমানে অনুষ্ঠিত বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অংশ নেন। বৈঠকে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
বৈঠক সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা বজায় রাখা এবং জাহাজ ও বাণিজ্যিক পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের মন্ত্রীরা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পারস্পরিক আস্থা বাড়ানো এবং অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানে অনুকূল পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা প্রয়োজন।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ প্রশ্নে মতবিরোধের কারণে জটিল হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওমান সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারসহ বিভিন্ন জাহাজে হামলার ঘটনা বেড়েছে। অন্যদিকে, এই গুরুত্বপূর্ণ নৌপথে ইরানের বিধিনিষেধের জবাবে তেহরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য পণ্য পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং জাহাজ চলাচলে বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।

একটি যুগের অবসান: বিদায় সিআর সেভেন!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ণ
একটি যুগের অবসান: বিদায় সিআর সেভেন!

২৩ বছরের এক রূপকথার মহাকাব্যিক সমাপ্তি! বিশ্ব ফুটবলকে স্তব্ধ করে অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল কোচ হোর্হে জেসুসের সাথে বিরোধের জেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সিআর সেভেন। পর্তুগালের জার্সিতে আর কখনো শোনা যাবে না চিরচেনা সেই ‘সিউউউ’ গর্জন।
স্পোর্টিং লিসবন থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস বা তুরিন। যেখানেই গেছেন, ফুটবল জগতকে শাসন করেছেন নিজের শর্তে। জাতীয় দলের হয়ে ২৩২ ম্যাচে তাঁর গোল ১৪৬টি। ৫টি ব্যালন ডি’অর আর অসংখ্য রেকর্ডের মালিক সিআর সেভেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন। ২০১৬ সালে পর্তুগালকে এনে দিয়েছেন তাদের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ট্রফি ইউরো কাপ।
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৪১ বছর বয়সেও ২০২৬ বিশ্বকাপে দেশের জন্য লড়েছেন। যদিও স্পেনের কাছে হেরে শেষ হয় সেই যাত্রা। অনেকে ভেবেছিলেন সেখানেই শেষ, কিন্তু ইউরোপের পাট চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়ে আবারও নতুন এক ফুটবল বিপ্লবের জন্ম দেন তিনি। ক্লাব ফুটবলে ১০০০ গোলের অবিশ্বাস্য মাইলফলকের দিকে এখনও ছুটছেন এই গোলমেশিন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তায় দেশের হয়ে খেলাকে নিজের ক্যারিয়ারের ‘সবচেয়ে বড় জয়’ বলে উল্লেখ করেছেন সিআর সেভেন। আন্তর্জাতিক মঞ্চে পর্তুগালের লাল-সবুজ জার্সির সেই চেনা অধ্যায় শেষ হলেও, ফুটবলপ্রেমীদের হৃদয়ে এই নক্ষত্র উজ্জ্বল থাকবেন চিরকাল।