খুঁজুন
                               
, ,

চাঁদপুরে পৃথক ঘটনায় শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
চাঁদপুরে পৃথক ঘটনায় শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার

চাঁদপুরের চার উপজেলায় পৃথক ঘটনায় সাতজনের মৃতুর খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলায় ইরি ধানে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান দুই ভাই। শাহরাস্তি উপজেলায় স’মিলে গাছ কাটতে গিয়ে এক যুবক, হাজীগঞ্জে ছেলের সাথে অভিমানে মায়ের আত্মহনন ও নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া একই দিনে ফরিদগঞ্জ উপজেলায় পৃথক স্থান থেকে দুই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কচুয়া উপজেলায় সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের শাসন খোলা গ্রামের বড় বাড়ীর পাশে ইরি-বোরো সেলু মেশিন দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন দুই ভাই। তারা হলেন, আবুল হাসানাত বকাউল (৩৫) ও খোরশেদ আলম বকাউল (৫০)। মুমূর্ষ অবস্থায় তাদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তানভীর আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেয়ার আগেই তারা মারা যান।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই ভাই বাড়ির পাশে সেচ পাম্প (সেলু মেশিন) দিয়ে ধান খেতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট গুরুতর আহত হয়। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর খবরটি আমারা পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের পরিবার পক্ষ থেকে অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুপুরে শাহরাস্তি উপজেলার আয়নাতলী বাজারে স’ মিলে গাছ কাটতে গিয়ে মারা যান যুবক মো. কবির হোসেন। সে একই উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের নুনিয়া মাইজের বাড়ির বাসিন্দা। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, দুপুর আড়াইটায় স’ মেইলে গাছ কাটানোর সময় মেশিনে পড়ে যায়। তাকে স্থানীয়রা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে সোমবার বিকালে হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামে তাকরিম নামের এক শিশু পানিতে ডুবে মারা যায়। সে শাহরাস্তি উপজেলার করবা গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিবার জানায়, সে নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। তার বয়স হয়েছিল ২ বছর।
অন্যদিকে হাজীগঞ্জে ছেলে ও ছেলের বউয়ের সাথে অভিমান করে পারভীন বেগম (৪০) নামের মা আত্মহনন করেন। সোমবার দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামের জমাদ্দার বাড়িতে পারিবারিক কলহের জেরে কীটনাশক খেয়ে পেলেন তিনি। পারভীন বেগম ওই বাড়ির মো. মনির হোসেনের স্ত্রী। স্থানীয় বাসিন্দা সফিক ও সাঈদ বলেন, সকাল থেকেই পারিবারিক বিষয় নিয়ে ছেলে মিজানুর রহমান ও ছেলের বউ রিয়ার সাথে পারভিন বেগমের ঝগড়া-বিবাদ চলে আসছিল। এক পর্যায়ে ছেলে ও ছেলের বউয়ের উপর অভিমান করে তিনি কীটনাশক পান করে। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পারভীন বেগমকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।’ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই পারভীন বেগম মারা যান। হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না পেলে এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

এছাড়া একই দিনে ফরিদগঞ্জ উপজেলায় পৃথক স্থান থেকে দুই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার রামদাসেরবাগ ও পশ্চিম পোঁয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ওই দুই কিশোরীর মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, রামদারসেরবাগ গ্রামের বাবুল মোল্লা ও রিনা আক্তার দম্পত্তির মেয়ে রাখি আক্তার (১৫) স্থানীয় একটি বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থী। সে সোমবার সকালে নিজেদের ঘরের বাতরুমের ঝর্ণার সাথে গলায় ফাঁস দেয়। পরে রাখির মা তার মেয়েকে মৃত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পোঁয়া গ্রামে বসত ঘরের আঁড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মাঈশা আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের মো. মোস্তফা ও জেসমিন আক্তার দম্পত্তির মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়–য়া শিক্ষার্থী। মাঈশার মা বলেন, আমি বাড়ির কাজের জন্য ঘরের বাহিরে ছিলাম। কিছুক্ষণপর ঘরে এসে দেখি আমার মেয়ে ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছে। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, খবর পেয়ে দুটি ঘটনাস্থল থেকে রাখি আক্তার ও মাঈশা আক্তারের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। দুটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আগামী ৩ বছরের মধ্যে এ অর্থ পরিশোধ করতে হবে।
এর আগে, গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এনবিআরের এই কর দাবি চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক একাধিক রিট করা হয়েছিল। সেই রিটের রুল খারিজ করে এ রায় দেওয়া হয়েছে।

দুই দিনে চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের তথ্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
দুই দিনে চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের তথ্য

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অস্থিরতার সময়ে চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মনীতি না মেনে টেন্ডার ছাড়াই প্রকল্প নেওয়া, কোথাও কাজ না করে এবং কোথাও নামমাত্র কাজ করে পুরো বিল তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে মাত্র দুই দিনে ২১টি চেকের মাধ্যমে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী অপসারণের এক দিন আগে, ২০২৪ সালের ১৮ আগস্ট, বিভিন্ন প্রকল্পের নামে ১৭টি চেক ইস্যু করে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করা হয়। এর আগে ১৪ আগস্ট চারটি প্রকল্পের বিপরীতে আরও ১৬ লাখ টাকা উত্তোলনের তথ্য রয়েছে। জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যে দুই দিনের উত্তোলনের পরিমাণ ১ কোটি ৭৫ লাখ টাকা বলা হয়েছে।
নথিপত্র, সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তাদের বক্তব্য পর্যালোচনায় কয়েকটি প্রকল্পে কাজ না হওয়া এবং কিছু প্রকল্পে আংশিক কাজ করে পুরো বিল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন ঠিকাদার দাবি করেছেন, তাদের লাইসেন্স ব্যবহার করে কাজ ও বিলের প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রকল্প সম্পর্কে তারা জানতেন না।
১৮ আগস্ট ইস্যু করা চেকগুলোর মধ্যে চেয়ারম্যানের আত্মীয় ঠিকাদার শেখ নজরুল ইসলামের নামে সাতটি প্রকল্পের বিপরীতে প্রায় ৭০ লাখ টাকার বিল দেওয়ার তথ্য রয়েছে। এর মধ্যে বাবুরহাট মার্কেটের সাইট প্রস্তুত ও বালু ভরাটের দুটি কাজের বিপরীতে প্রায় ২৭ লাখ টাকা উত্তোলন করা হয়। ব্যবসায়ীদের দাবি, সেখানে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ ৫০ থেকে ১০০ গাড়ি বালু ফেলা হয়েছিল এবং পুরো জায়গা ভরাট হয়নি। শেখ নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি যে কাজ করেছেন শুধু সেই কাজের বিল নিয়েছেন।
জেলা পরিষদের হলরুমের ওয়াল টাইলসকরণ এবং ভবন সংস্কার ও রংকরণ প্রকল্পে প্রায় ১৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। অনুসন্ধানে এসব কাজে বাস্তবে কাজ না করার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ঠিকাদারদের বক্তব্যেও প্রকল্প বাস্তবায়ন নিয়ে অসামঞ্জস্য দেখা গেছে। একজন ঠিকাদার প্রথমে হলরুমে কাজ না করার কথা বললেও পরে নিজের লাইসেন্সে কাজ হয়েছে বলে জানান। আরেক ঠিকাদার দাবি করেন, প্রকল্প সম্পর্কে তিনি জানতেন না এবং টাকা উত্তোলনের পর প্রকৌশলী তার কাছ থেকে অর্থ নিয়ে যান।
এ ছাড়া আরও পাঁচটি চেকের মাধ্যমে প্রায় ৩৪ লাখ টাকা উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। চেয়ারম্যান অপসারিত হওয়ায় ওই অর্থ উত্তোলন করা সম্ভব হয়নি; পরে চেকগুলো বাতিল করা হয়। জেলা পরিষদ প্রশাসকের দাবি, এসব চেকের বিপরীতে কোনও ফাইল বা প্রকল্প ছিল না। সাবেক নির্বাহী কর্মকর্তা বলেছেন, ফাইলগুলো সঠিক না হওয়ায় চেক বাতিল করা হয় এবং ভুল করে লেখা হয়েছিল।
জেলা পরিষদের উচ্চমান সহকারী আব্দুল কুদ্দুস ভাটের বক্তব্য অনুযায়ী, কিছু কাজ হয়নি, কিছু কাজ আংশিক হয়েছে এবং কয়েকটি কাজ সম্পন্ন হয়েছে। তাঁর মতে, প্রকল্প পরিদর্শন ও কাজের পরিমাণ যাচাইয়ের দায়িত্ব প্রকৌশলীর। সাবেক প্রকৌশলী অভিযোগ অস্বীকার করে বলেছেন, কাজ হওয়ার পরই বিল দেওয়া হয়েছে।
জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুদক তথ্য চেয়েছে এবং তদন্ত করছে। তিনি বলেন, জেলা পরিষদ দুদককে প্রয়োজনীয় তথ্য দেবে।
নথিতে থাকা অর্থ উত্তোলন, প্রকল্প বাস্তবায়ন এবং ঠিকাদারদের লাইসেন্স ব্যবহারের দাবি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। কোন প্রকল্প বাস্তবে হয়েছে, কে কাজ করেছেন, কে প্রত্যয়ন দিয়েছেন এবং অর্থ কার হাতে গেছে—এসব বিষয় এখন দুদকের তদন্তে নির্ধারিত হবে।

বিজ্ঞান-প্রযুক্তি থেকে চাঁদপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
বিজ্ঞান-প্রযুক্তি থেকে চাঁদপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে!

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ বাতিল করে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া।
প্রস্তাবিত ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়ার ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত চাওয়া হয়েছে। ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ রহিত করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় সৃজন করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠির সঙ্গে আইনের খসড়ার সংযুক্ত করে দেওয়া হয়েছে।
চিঠিতে জানা যায়, ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ রহিত করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় সৃজন করতে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে গত ৮ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিবকে সভাপতি করে আট সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটি কর্তৃক একটি খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রচলিত নিয়মানুযায়ী- খসড়া আইনটির ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত নেওয়া প্রয়োজন। এমতাবস্থায়, ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়ার ওপর মতামত দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয়।