খুঁজুন
                               
, ,

গণমাধ্যম সাংবাদিকতায় মাস্টার্সে উজ্জ্বল হোসাইন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
গণমাধ্যম সাংবাদিকতায় মাস্টার্সে উজ্জ্বল হোসাইন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ

দৈনিক চাঁদপুর কণ্ঠের সিস্টেম ডেভলপার ও অনলাইন সংস্করণের মুখ্য কর্তাব্যক্তি উজ্জ্বল হোসাইন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত গণমাধ্যম সাংবাদিকতার মাস্টার্স ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৫৫ পেয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন।  ৪ এপ্রিল ২০২৬ এ পরীক্ষার ফলাফলে তাঁর এ কৃতিত্বর খবর জানা গেছে। তিনি চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আইটি কর্মকর্তা, সাহিত্য একাডেমি, চাঁদপুরের নির্বাচিত নির্বাহী সদস্যসহ বহু সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি একজন সুলেখক। চাঁদপুর জেলায় সমাজসেবার পুরানো সংগঠন চাঁদপুর রোটারী ক্লাবের তিনি সাবেক সম্পাদক ও ২০২৭-২০২৮ রোটারী বর্ষের নির্বাচিত সভাপতি। তাঁর সহধর্মিণী নাসরিন আক্তার চাঁদপুরের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সাবেক সভাপতি। এছাড়াও জনাব উজ্জ্বল হোসাইন পেশাগত জীবনে একজন আইটি কর্মকর্তা, সাংবাদিক ও আয়কর আইনজীবী।
তিনি ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নটমঞ্চের সভাপতি, চাঁদপুর যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রত্যয় সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি (২০১৩-১৪), শিশু থিয়েটার চাঁদপুরের সাবেক সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, চাঁদপুর বিতর্ক আন্দোলনের সাবেক এলিট সদস্য, কালের কণ্ঠ শুভ সংঘের সভাপতি, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি প্রচার সম্পাদক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভূমি সংক্রান্ত এসিজি গ্রুপের সমন্বয়ক এবং অনলাইন সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য। এভাবে তিনি বহু সংগঠনের মাধ্যমে নিজেকে একজন সংগঠক ও সমাজকর্মী হিসেবেও প্রতিষ্ঠিত করে চলেছেন। উজ্জ্বল হোসাইন আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ১৯৯৯ সালে এসএসসি পাস করেন। তারপর চাঁদপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি ও স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন, চাঁদপুর ল’ কলেজ থেকে ব্যাচেলর অব ল’ (এলএলবি) ডিগ্রি এবং সাউথ এশিয়া ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং সর্বশেষ তিনি বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে গণমাধ্যম ও সাংবাদিকতা মাস্টার্স কোর্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিনি ডিপ্লোমা ইন ডাটাবেজ প্রোগ্রামিং কোর্স সম্পন্ন করেন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন কোর্স সম্পন্ন করেন। ২০২৫ সালে তিনি আয়কর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। দক্ষতা উন্নয়নের জন্যে তিনি রোটারী ইন্টারন্যাশনাল থেকে অনলাইনের মাধ্যমে ৫০টির বেশি কোর্স সম্পন্ন করেন। এছাড়া রোটারীর বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণের জন্যে বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করেন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্ল্যানিং, ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিট্রেশনের ওপর ৭ দিনব্যাপী কর্মশালা সম্পন্ন করেন।
জনাব উজ্জ্বল হোসাইন বর্তমানে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে আইটি অফিসার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ‘দৈনিক চাঁদপুর কন্ঠে’র (https://chandpurkantha24.com) সিস্টেম ডেভলপার ও স্টাফ রিপোর্টার, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাংলা কাগজের জেলা প্রতিনিধি, চাঁদপুর পোস্ট অনলাইন (https://chandpurpost.com)-এর নির্বাহী সম্পাদক, বাংলাদেশের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অরেঞ্জ বিডি লিমিটেড চাঁদপুর শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সম্প্রতি চালুকৃত অনলাইন নিউজ পোর্টাল ডেইলি রূপসী বাংলার (www.dailyruposhibangla.com)-এর সম্পাদক। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী নাছরিন আক্তার চাঁদপুর সরকারি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার স্ত্রী উদয়ন শিশু বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন এবং চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি (২০২৪-২০২৫) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
উজ্জ্বল হোসাইন দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামক ব্র্যান্ড বুকের গ্রাফিক্স ডিজাইনার। এছাড়াও তিনি চাঁদপুর রোটারী ক্লাবের বিগত ১৫ বছর যাবৎ অভিষেক স্মরণিকা ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বার্ষিক প্রতিবেদনের সবগুলো প্রতিবেদন, সাবেক জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের কর্মকালীন সময়ে (২০১৫-২০১৮) তাঁর কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বইয়ের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেন। তাঁর আশা ভবিষ্যতে সাংবাদিকতা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন। তিনি সেজন্যে সকলের নিকট দোয়া চেয়েছেন।

দুই দিনে চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের তথ্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
দুই দিনে চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের তথ্য

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অস্থিরতার সময়ে চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মনীতি না মেনে টেন্ডার ছাড়াই প্রকল্প নেওয়া, কোথাও কাজ না করে এবং কোথাও নামমাত্র কাজ করে পুরো বিল তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে মাত্র দুই দিনে ২১টি চেকের মাধ্যমে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী অপসারণের এক দিন আগে, ২০২৪ সালের ১৮ আগস্ট, বিভিন্ন প্রকল্পের নামে ১৭টি চেক ইস্যু করে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করা হয়। এর আগে ১৪ আগস্ট চারটি প্রকল্পের বিপরীতে আরও ১৬ লাখ টাকা উত্তোলনের তথ্য রয়েছে। জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যে দুই দিনের উত্তোলনের পরিমাণ ১ কোটি ৭৫ লাখ টাকা বলা হয়েছে।
নথিপত্র, সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তাদের বক্তব্য পর্যালোচনায় কয়েকটি প্রকল্পে কাজ না হওয়া এবং কিছু প্রকল্পে আংশিক কাজ করে পুরো বিল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন ঠিকাদার দাবি করেছেন, তাদের লাইসেন্স ব্যবহার করে কাজ ও বিলের প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রকল্প সম্পর্কে তারা জানতেন না।
১৮ আগস্ট ইস্যু করা চেকগুলোর মধ্যে চেয়ারম্যানের আত্মীয় ঠিকাদার শেখ নজরুল ইসলামের নামে সাতটি প্রকল্পের বিপরীতে প্রায় ৭০ লাখ টাকার বিল দেওয়ার তথ্য রয়েছে। এর মধ্যে বাবুরহাট মার্কেটের সাইট প্রস্তুত ও বালু ভরাটের দুটি কাজের বিপরীতে প্রায় ২৭ লাখ টাকা উত্তোলন করা হয়। ব্যবসায়ীদের দাবি, সেখানে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ ৫০ থেকে ১০০ গাড়ি বালু ফেলা হয়েছিল এবং পুরো জায়গা ভরাট হয়নি। শেখ নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি যে কাজ করেছেন শুধু সেই কাজের বিল নিয়েছেন।
জেলা পরিষদের হলরুমের ওয়াল টাইলসকরণ এবং ভবন সংস্কার ও রংকরণ প্রকল্পে প্রায় ১৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। অনুসন্ধানে এসব কাজে বাস্তবে কাজ না করার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ঠিকাদারদের বক্তব্যেও প্রকল্প বাস্তবায়ন নিয়ে অসামঞ্জস্য দেখা গেছে। একজন ঠিকাদার প্রথমে হলরুমে কাজ না করার কথা বললেও পরে নিজের লাইসেন্সে কাজ হয়েছে বলে জানান। আরেক ঠিকাদার দাবি করেন, প্রকল্প সম্পর্কে তিনি জানতেন না এবং টাকা উত্তোলনের পর প্রকৌশলী তার কাছ থেকে অর্থ নিয়ে যান।
এ ছাড়া আরও পাঁচটি চেকের মাধ্যমে প্রায় ৩৪ লাখ টাকা উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। চেয়ারম্যান অপসারিত হওয়ায় ওই অর্থ উত্তোলন করা সম্ভব হয়নি; পরে চেকগুলো বাতিল করা হয়। জেলা পরিষদ প্রশাসকের দাবি, এসব চেকের বিপরীতে কোনও ফাইল বা প্রকল্প ছিল না। সাবেক নির্বাহী কর্মকর্তা বলেছেন, ফাইলগুলো সঠিক না হওয়ায় চেক বাতিল করা হয় এবং ভুল করে লেখা হয়েছিল।
জেলা পরিষদের উচ্চমান সহকারী আব্দুল কুদ্দুস ভাটের বক্তব্য অনুযায়ী, কিছু কাজ হয়নি, কিছু কাজ আংশিক হয়েছে এবং কয়েকটি কাজ সম্পন্ন হয়েছে। তাঁর মতে, প্রকল্প পরিদর্শন ও কাজের পরিমাণ যাচাইয়ের দায়িত্ব প্রকৌশলীর। সাবেক প্রকৌশলী অভিযোগ অস্বীকার করে বলেছেন, কাজ হওয়ার পরই বিল দেওয়া হয়েছে।
জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুদক তথ্য চেয়েছে এবং তদন্ত করছে। তিনি বলেন, জেলা পরিষদ দুদককে প্রয়োজনীয় তথ্য দেবে।
নথিতে থাকা অর্থ উত্তোলন, প্রকল্প বাস্তবায়ন এবং ঠিকাদারদের লাইসেন্স ব্যবহারের দাবি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। কোন প্রকল্প বাস্তবে হয়েছে, কে কাজ করেছেন, কে প্রত্যয়ন দিয়েছেন এবং অর্থ কার হাতে গেছে—এসব বিষয় এখন দুদকের তদন্তে নির্ধারিত হবে।

বিজ্ঞান-প্রযুক্তি থেকে চাঁদপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
বিজ্ঞান-প্রযুক্তি থেকে চাঁদপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে!

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ বাতিল করে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া।
প্রস্তাবিত ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়ার ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত চাওয়া হয়েছে। ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ রহিত করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় সৃজন করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠির সঙ্গে আইনের খসড়ার সংযুক্ত করে দেওয়া হয়েছে।
চিঠিতে জানা যায়, ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ রহিত করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় সৃজন করতে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে গত ৮ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিবকে সভাপতি করে আট সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটি কর্তৃক একটি খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রচলিত নিয়মানুযায়ী- খসড়া আইনটির ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত নেওয়া প্রয়োজন। এমতাবস্থায়, ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়ার ওপর মতামত দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনও নিখোঁজ ৫ জেলে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনও নিখোঁজ ৫ জেলে

উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখনও পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে আরও আট জেলেকে। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ট্রলার মালিক সমিতি। সোমবার (২৪ আগস্ট) বিকেলে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক বরগুনার পাথরঘাটার আশরাফ কোম্পানি। খোঁজ নিয়ে জানা গেছে, চার দিন আগে ১৩ জন জেলে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় ‘এফবি বরকত’। গতকাল সোমবার বিকেলে সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে ডুবে যাওয়া ট্রলারের কাছাকাছি থাকা পাথরঘাটার অপর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা পানিতে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে তারা ট্রলারডুবির বিষয়টি মালিকপক্ষকে জানান। এ ঘটনায় এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে কাজ করছে ট্রলার মালিক সমিতি। নিখোঁজ পাঁচ জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘এফবি বরকত’ নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার খবর তারা অপর একটি ট্রলারের জেলেদের মাধ্যমে পেয়েছেন। খবর পাওয়ার পর ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে। এ ঘটনায় উদ্ধার হওয়া আট জেলেকে উপকূলে নিয়ে আসা হচ্ছে।