খুঁজুন
                               
বুধবার, ৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ, ১৪৩৩

পবিত্র শবে বরাত আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ণ
পবিত্র শবে বরাত আজ

সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে আজ মঙ্গলবার। এদিন রাতে মসজিদে-মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানরা পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে। প্রধান উপদেষ্টা শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহর অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত।’ এ রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষ্যে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন।

হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, তবে কেন এ টিকা না দেওয়ার ঘটনাটি ঘটলো, তা খতিয়ে দেখা হবে। মঙ্গলবার (০৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে আমি মনে করি। তবে এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে। আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। সেই কাজটি হবে, কেন আসলে এ ঘটনাটি ঘটলো। তিনি জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণের

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা। নিহত ফরিদ চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলশেপাড় পত্রিকার সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরিদ। গত ২৪ মার্চ থেকে তাঁর পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ফরিদের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে মৃত্যুর খবরটি জানানো হয়। ফোনের ওপাশ থেকে বলা হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদ মারা যান।
হাউমাউ করে কেঁদে সাংবাদিক আবু তালেব সরদার বলেন, ‘আমার ছেলে সৌদি আরবে একটি কপি হাউজে শ্রমিকের কাজ করত। সে দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। অনেক আশা-ভরসা নিয়ে তাকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। সে পরিবারের হাল ধরবে। কিন্তু গত ২০ দিন আগে ছেলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ২০ দিন পর বিকেলে ছেলের মুঠোফোনে তাঁর মৃত্যুর খবর পেয়েছি। আমার আদরের সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।
প্রবাসের মাটিতে সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ফরিদগঞ্জে সাংবাদিক সমাজ, মৃতের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সাংবাদিক আবু তালেব সরদারের ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, মৃতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রশ্মিকা মান্দানাসহ তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
রশ্মিকা মান্দানাসহ তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি বিজয়

দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় দ্বৈত শাসন (ডিএমকে-এডিএমকে) অবসান ঘটালেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সি. জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি বিজয়’ নামে বেশি পরিচিত। বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্টি কাজাগামের (টিভিকে) জয় অর্জনের পর চলচ্চিত্র অঙ্গন থেকে অভিনন্দনের ঝড় বইছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী রশ্মিকা মান্দানা বিজয়ের নতুন রাজনৈতিক অধ্যায়কে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “অভিনন্দন বিজয় স্যার। আপনার জন্য অত্যন্ত খুশি এবং এই নতুন যুগে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার জন্য অনেক শুভকামনা।”
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি রজনীকান্তও বিজয়কে অভিনন্দন জানিয়ে তার দলীয় সদস্যদের শুভেচ্ছা জানান এবং এটিকে একটি তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। অভিনেতা ধনুশ মন্তব্য করেন, “প্রথম নির্বাচনে অংশ নিয়েই জনগণের ব্যাপক সমর্থন পাওয়া বিজয় ও তার দলের জন্য বড় সাফল্য, যা তাদের সরকার গঠনের পথে এগিয়ে নিয়েছে।”
তেলেগু তারকা রাম চরণ বলেন, “বিজয়ের নেতৃত্ব এবং জনগণের সঙ্গে সংযোগই এই জয়ের মূল কারণ। আশা করি তিনি তামিলনাড়ুর উন্নয়নে সফল হবেন।” প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে এমন সাফল্য অর্জনের পর, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন অনেক তারকা।