খুঁজুন
                               
, ,

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার পর থেকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারা সড়কে নেমে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। ঢাকা কলেজ ও আশপাশের কলেজের শিক্ষার্থীদের অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে গাড়ি ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’, ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা বলেন, কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট এবং কোথাও যোগাযোগ সমস্যার কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের অনেক আগেই বাসা থেকে বের হলেও নানা প্রতিবন্ধকতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি।

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতেই হবে। এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে এবং রায়ে আগামী তিন অর্থবছরের মধ্যে এই বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণকর্তৃক দায়ের করা দুটি রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে প্রতিষ্ঠানটির কাছে এনবিআরের দাবি করা কর আদায়ের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না।
জাতীয় রাজস্ব বোর্ডের পুনর্বমূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের আয়কর দাবিকে চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করেছিল গ্রামীণ কল্যাণ। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন। পরবর্তী সময়ে হাইকোর্টের একটি নতুন বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে রুলগুলো খারিজ করা হয়।
গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর জানান, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেওয়ায় এনবিআরের দাবিই বহাল রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর এসংক্রান্ত একটি রায় স্বতঃপ্রণোদিতভাবে প্রত্যাহার করে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়েছিল, যেখানে শুনানির পর রিট আবেদনটি খারিজ হয়।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ও নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ণ
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ও নিষেধাজ্ঞা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা কঠোর নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
গতকাল রোববার (১১ অক্টোবর) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে একটি দণ্ডনীয় বা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে পরিস্থিতি-সংশ্লিষ্ট কোনো সংবেদনশীল তথ্য, ছবি বা ভিডিও ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার)সহ কোনো মাধ্যমেই প্রচার বা মোবাইলে সংরক্ষণ না করার জন্য কঠোরভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস। পাশাপাশি প্রবাসীদের যেকোনো ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। নম্বরগুলো হলো:
শ্রমসংক্রান্ত টোল-ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫
পাসপোর্টসংক্রান্ত টোল-ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬
ডিপ্লোম্যাটিক উইংয়ের নম্বর: ৮০০১০০০১২৮
মৃত্যু-সংক্রান্ত জরুরি প্রয়োজনে: +৯৬৬৫৬৭০২১১৮০
এছাড়া যেকোনো ধরনের গুজব বা বিভ্রান্তি এড়াতে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজ নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সীমান্ত এলাকায় মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
সীমান্ত এলাকায় মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে সীমান্ত সংলগ্ন এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের নিকটবর্তী ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্ত এলাকায় বিশেষ নজরদারিসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন প্রায় ১০ হাজার বিজিবি সদস্য।
সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত মণ্ডপগুলো এবং ব্যাটালিয়ন সদরের কাছাকাছি এলাকার পূজামণ্ডপগুলোতে বিজিবি নিরাপত্তা সহায়তা দেবে। পাশাপাশি দুর্গম ও দূরবর্তী অঞ্চলগুলোতে দ্রুত টহল ও তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীতে দায়িত্ব পালনের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সরকারি নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার আলোকে ঢাকার দায়িত্বের পরিধি নির্ধারিত হবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে কাজ করতে বিজিবি প্রস্তুত রয়েছে।
সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।