খুঁজুন
                               
, ,

সভাপতি মোরশেদা খানম বেবী, সম্পাদক এইচএম জাকির

সাহিত্য সংগঠন ‘শিল্পনন্দন’-এর কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ
সাহিত্য সংগঠন ‘শিল্পনন্দন’-এর কমিটি ঘোষণা

চাঁদপুরে সাহিত্য সংগঠন ‘শিল্পনন্দন’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ৪ জুলাই ২০২২ খ্রি. তারিখে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি চাঁদপুরের লেখকদের বইয়ের প্রমোশন ও পাঠকের হাতে পৌঁছাতে নিরলসভাবে কাজ করার পাশাপাশি সাহিত্যচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে সৃষ্টিশীলতায় উদ্বুদ্ধ করার কাজে নিয়োজিত রয়েছে। সংগঠনের স্লোগান হিসেবে গ্রহণ করা হয়েছে—“শিল্পে সৌন্দর্য, সৃষ্টিতে আনন্দ”। ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি মোরশেদা খানম বেবী, সহ-সভাপতি মিজানুর রহমান রানা ও দেওয়ান মাসুদ রহমান, সাধারণ সম্পাদক এইচএম জাকির, সহ-সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস ও জিহাদ সরকার, সাংগঠনিক সম্পাদক ইমরান শাকির ইমরু, অর্থ সম্পাদক আবু বকর বিন ফারুকী, প্রচার ও মিডিয়া সম্পাদক কাজী আজিজুল হক নাহিন, প্রকাশনা সম্পাদক আজম পাটওয়ারী, আয়োজন সম্পাদক সালাউদ্দিন হাজরা, সাহিত্য সম্পাদক সজীব খান, সংস্কৃতি সম্পাদক ইসতিয়াক সৈকত, পাঠচক্র সম্পাদক খাইরুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মাসুদ হোসেন, আবৃত্তি সম্পাদক সামিরা মেহনাজ নুসরাত, কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল হোসাইন, নূরুল ইসলাম ফরহাদ, নূরে আলম, মুহাম্মদ হানিফ, এমআরএম শোভন, মারিয়া আক্তার অনুপমা, তাসফিয়া ইসলাম, মুসলিম হোসেন ও মো. আবুল হাসেম সাহরীয়ার স্বপন।

আজীবন সদস্য মির্জা জাকির, গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, জসীম মেহেদী, শরীফ হোসাইন ও মো. সাইফুল ইসলাম সুমন। উপদেষ্টা পরিষদে রয়েছেন—মইনুদ্দিন লিটন, ইলিয়াস ফারুকী, ড. নিলুফা আখতার ও কাজী নজরুল ইসলাম।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের প্রতিষ্ঠাতা এইচএম জাকির জানান, প্রতিষ্ঠার পর থেকে শিল্পনন্দন চাঁদপুরের লেখকদের বইয়ের পাঠক সৃষ্টিতে কাজ করেছে, আগামীতেও অন্যান্যো কার্যক্রমের পাশাপাশি এটি অব্যাহত থাকবে। শিল্পনন্দন সাহিত্য অঙ্গনে পাঠক ও লেখক সৃষ্টিসহ সৃজনশীলতার বিকাশে কাজ করবে বলে আশা প্রকাশ করেন নব গঠিত কমিটির সভাপতি মোরশেদা খানম বেবী। সভাপতি আরও জানান—শিল্পনন্দন চাঁদপুরের সাহিত্য অঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটি দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাহিত্যচর্চার পরিসর আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছি। তরুণ লেখক–পাঠকদের সৃষ্টি-উদ্দীপনা জাগিয়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। খুব দ্রুতই একটি বর্ণিল অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করে তুলতে চাই। চাঁদপুরের শিল্প–সাহিত্যকে সমৃদ্ধ করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

গতকাল বিকেল ৩.৩০টায় চাঁদপুর সাহিত্য একাডেমির নাসীরউদ্দিন মিলনায়তনে চিত্রশিল্পী মইনুদ্দিন লিটন ভূঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্টাতা এইচএম জাকিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কবি ও গল্পকার দেওয়ান মাসুদ রহমান। অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. মূরে আলম পাটওয়ারী, নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুন গনি, সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, নবগঠিত কমিটির সভাপতি মোরশেদা খানম বেবী। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক সাদ আল আমিন প্রমুখ। সভাপতির বক্তব্য শেষে বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ-এর ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা-২০২৫ এর ১০জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেণ অতিথিবৃন্দ।

দুই দিনে চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের তথ্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
দুই দিনে চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের তথ্য

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অস্থিরতার সময়ে চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মনীতি না মেনে টেন্ডার ছাড়াই প্রকল্প নেওয়া, কোথাও কাজ না করে এবং কোথাও নামমাত্র কাজ করে পুরো বিল তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে মাত্র দুই দিনে ২১টি চেকের মাধ্যমে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী অপসারণের এক দিন আগে, ২০২৪ সালের ১৮ আগস্ট, বিভিন্ন প্রকল্পের নামে ১৭টি চেক ইস্যু করে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করা হয়। এর আগে ১৪ আগস্ট চারটি প্রকল্পের বিপরীতে আরও ১৬ লাখ টাকা উত্তোলনের তথ্য রয়েছে। জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যে দুই দিনের উত্তোলনের পরিমাণ ১ কোটি ৭৫ লাখ টাকা বলা হয়েছে।
নথিপত্র, সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তাদের বক্তব্য পর্যালোচনায় কয়েকটি প্রকল্পে কাজ না হওয়া এবং কিছু প্রকল্পে আংশিক কাজ করে পুরো বিল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন ঠিকাদার দাবি করেছেন, তাদের লাইসেন্স ব্যবহার করে কাজ ও বিলের প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রকল্প সম্পর্কে তারা জানতেন না।
১৮ আগস্ট ইস্যু করা চেকগুলোর মধ্যে চেয়ারম্যানের আত্মীয় ঠিকাদার শেখ নজরুল ইসলামের নামে সাতটি প্রকল্পের বিপরীতে প্রায় ৭০ লাখ টাকার বিল দেওয়ার তথ্য রয়েছে। এর মধ্যে বাবুরহাট মার্কেটের সাইট প্রস্তুত ও বালু ভরাটের দুটি কাজের বিপরীতে প্রায় ২৭ লাখ টাকা উত্তোলন করা হয়। ব্যবসায়ীদের দাবি, সেখানে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ ৫০ থেকে ১০০ গাড়ি বালু ফেলা হয়েছিল এবং পুরো জায়গা ভরাট হয়নি। শেখ নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি যে কাজ করেছেন শুধু সেই কাজের বিল নিয়েছেন।
জেলা পরিষদের হলরুমের ওয়াল টাইলসকরণ এবং ভবন সংস্কার ও রংকরণ প্রকল্পে প্রায় ১৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। অনুসন্ধানে এসব কাজে বাস্তবে কাজ না করার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ঠিকাদারদের বক্তব্যেও প্রকল্প বাস্তবায়ন নিয়ে অসামঞ্জস্য দেখা গেছে। একজন ঠিকাদার প্রথমে হলরুমে কাজ না করার কথা বললেও পরে নিজের লাইসেন্সে কাজ হয়েছে বলে জানান। আরেক ঠিকাদার দাবি করেন, প্রকল্প সম্পর্কে তিনি জানতেন না এবং টাকা উত্তোলনের পর প্রকৌশলী তার কাছ থেকে অর্থ নিয়ে যান।
এ ছাড়া আরও পাঁচটি চেকের মাধ্যমে প্রায় ৩৪ লাখ টাকা উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। চেয়ারম্যান অপসারিত হওয়ায় ওই অর্থ উত্তোলন করা সম্ভব হয়নি; পরে চেকগুলো বাতিল করা হয়। জেলা পরিষদ প্রশাসকের দাবি, এসব চেকের বিপরীতে কোনও ফাইল বা প্রকল্প ছিল না। সাবেক নির্বাহী কর্মকর্তা বলেছেন, ফাইলগুলো সঠিক না হওয়ায় চেক বাতিল করা হয় এবং ভুল করে লেখা হয়েছিল।
জেলা পরিষদের উচ্চমান সহকারী আব্দুল কুদ্দুস ভাটের বক্তব্য অনুযায়ী, কিছু কাজ হয়নি, কিছু কাজ আংশিক হয়েছে এবং কয়েকটি কাজ সম্পন্ন হয়েছে। তাঁর মতে, প্রকল্প পরিদর্শন ও কাজের পরিমাণ যাচাইয়ের দায়িত্ব প্রকৌশলীর। সাবেক প্রকৌশলী অভিযোগ অস্বীকার করে বলেছেন, কাজ হওয়ার পরই বিল দেওয়া হয়েছে।
জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুদক তথ্য চেয়েছে এবং তদন্ত করছে। তিনি বলেন, জেলা পরিষদ দুদককে প্রয়োজনীয় তথ্য দেবে।
নথিতে থাকা অর্থ উত্তোলন, প্রকল্প বাস্তবায়ন এবং ঠিকাদারদের লাইসেন্স ব্যবহারের দাবি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। কোন প্রকল্প বাস্তবে হয়েছে, কে কাজ করেছেন, কে প্রত্যয়ন দিয়েছেন এবং অর্থ কার হাতে গেছে—এসব বিষয় এখন দুদকের তদন্তে নির্ধারিত হবে।

বিজ্ঞান-প্রযুক্তি থেকে চাঁদপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
বিজ্ঞান-প্রযুক্তি থেকে চাঁদপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে!

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ বাতিল করে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া।
প্রস্তাবিত ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়ার ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত চাওয়া হয়েছে। ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ রহিত করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় সৃজন করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠির সঙ্গে আইনের খসড়ার সংযুক্ত করে দেওয়া হয়েছে।
চিঠিতে জানা যায়, ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ রহিত করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় সৃজন করতে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে গত ৮ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিবকে সভাপতি করে আট সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটি কর্তৃক একটি খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রচলিত নিয়মানুযায়ী- খসড়া আইনটির ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত নেওয়া প্রয়োজন। এমতাবস্থায়, ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়ার ওপর মতামত দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনও নিখোঁজ ৫ জেলে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনও নিখোঁজ ৫ জেলে

উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখনও পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে আরও আট জেলেকে। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ট্রলার মালিক সমিতি। সোমবার (২৪ আগস্ট) বিকেলে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক বরগুনার পাথরঘাটার আশরাফ কোম্পানি। খোঁজ নিয়ে জানা গেছে, চার দিন আগে ১৩ জন জেলে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় ‘এফবি বরকত’। গতকাল সোমবার বিকেলে সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে ডুবে যাওয়া ট্রলারের কাছাকাছি থাকা পাথরঘাটার অপর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা পানিতে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে তারা ট্রলারডুবির বিষয়টি মালিকপক্ষকে জানান। এ ঘটনায় এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে কাজ করছে ট্রলার মালিক সমিতি। নিখোঁজ পাঁচ জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘এফবি বরকত’ নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার খবর তারা অপর একটি ট্রলারের জেলেদের মাধ্যমে পেয়েছেন। খবর পাওয়ার পর ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে। এ ঘটনায় উদ্ধার হওয়া আট জেলেকে উপকূলে নিয়ে আসা হচ্ছে।