খুঁজুন
                               
বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ, ১৪৩৩

ধানের শীষের পক্ষে মুফতি সিরাজুল ইসলামের গণপ্রচারণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
ধানের শীষের পক্ষে মুফতি সিরাজুল ইসলামের গণপ্রচারণা

 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বিএনপি জোট মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে চাঁদপুরের বিভিন্ন এলাকায়  গণপ্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার সফরমালী, বাংলা বাজার, কাজির বাজার, বউবাজার, কল্যান্দি আব্দুল খালেক পীরে কামেল (রহ.)-এর মাদ্রাসা প্রাঙ্গণ, মিলিটারি বাজার ও বাবুরহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
গণপ্রচারণা ও পথসভাগুলোতে নেতৃত্ব দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমী। তাঁর সাথে ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বাদশা, যুব জমিয়তের আহ্বায়ক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা নাজমুল হাসান, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা মুবারক হুসাইন, মাওলানা মাসুদুর রহমানসহ জমিয়ত ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পথসভাগুলোতে বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও সংগ্রামী ইতিহাস। এই সংগঠনের নেতৃত্বে ছিলেন ছারছিনার পীরে কামেল নেছার আহমেদ (রহ.), বাহাদুরপুরের পীর দুদুমিয়া সাহেব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.), শাইখে কুরিয়া ইমামবাড়ি সিলেট এবং মাসিক ‘মদিনা’-র সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান (রহ.)-এর মতো দেশবরেণ্য আলেম-ওলামা।
বক্তারা আরও বলেন, সেই ঐতিহ্যবাহী জমিয়তে উলামায়ে ইসলাম আজ ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে এবং গণতন্ত্র ও দেশরক্ষার স্বার্থে নির্বাচনী জোটবদ্ধ হয়েছে। বক্তারা মওদুদীবাদী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক করে বলেন, দেশের শীর্ষ আলেম-ওলামা ও পীর-মাশায়েখরা ইতোমধ্যে দাঁড়িপাল্লার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়েছেন। ছারছিনার পীর, বাহাদুরপুরের পীর, উজানির পীর, চরমোনাইয়ের পীর, জৈনপুরীর পীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী (হা.)সহ দেশের প্রখ্যাত ধর্মীয় নেতৃবৃন্দ এই বিষয়ে জাতির সামনে স্পষ্ট বার্তা দিয়েছেন।
বক্তারা আরো বলেন, কোনোভাবেই যেন মওদুদীবাদী জামায়াতে ইসলামী নির্বাচনে জয়ী হতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সভা থেকে সকল ভোটারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আগামী ১২ তারিখ ফজরের পর সারিবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে হবে।

হামে আক্রান্ত শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল অগ্রাধিকার: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
হামে আক্রান্ত শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল অগ্রাধিকার: স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকা নিয়ে কোথায় কী ভুল হয়েছে তা খুঁজে বের করার আগে মানুষের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন মূল অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী জুনের মধ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে বলেও জানান তিনি। তিনি বলেন, হামের টিকা নিয়ে কে দোষ করেছে সেটা খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে। আমরা এটাই চেষ্টা করছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিকাদান ব্যবস্থাপনায় কোনো ভুল বা অব্যবস্থাপনা হয়ে থাকলে তা নিয়ে তদন্ত করার বিষয়টি পুরোপুরি বাতিল করা হয়নি। এই সংকট মোকাবিলার পর সরকার বিষয়টি নিয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম সংক্রমণ পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগের মতো হলেও, সরকার এই সংকট অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। বেশিরভাগ জেলাতেই টিকাদান শেষ হয়েছে। বাকি শিশুদেরকেও টিকার আওতায় আনা হবে। এছাড়া, আগামী জুনের মধ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে বলেও জানান তিনি। তিনি বলেন, আজকে চীনা কোম্পানি সিনোভ্যাক চায়না সরকারের এনড্রোসমেন্টসহ ৭৬ হাজার ৬১৬ ভায়াল, যা ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজের সমপরিমাণ ভ্যাকসিন হাতে পেয়েছি। আমাদের হাতেও পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন রয়েছে। আমরা পোলিও ভ্যাকসিন দেওয়া শুরু করব। এটাতে কোনো অসুবিধা হবে না। মন্ত্রী বলেন, আমরা অ্যান্টির‌্যাবিস টিকাও দেওয়া শুরু করছি। একটা রোগীও এই ভ্যাকসিনের বাইরে থাকবে না। প্রতিটা ভ্যাকসিন এখন চলছে। ভিটামিন এ ক্যাপসুল একটু শর্ট আছে। জুন নাগাদ আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন-এ পেয়ে যাব। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী আমরা বছরে দুইবার ভিটামিন-এ দেব। এই সেক্টরে কোনো ঘাটতি রাখা যাবে না। অনুষ্ঠানে সরকারের টিকাদান কর্মসূচিতে সহায়তা এবং ইপিআই কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে দিয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন।

২৭তম বিসিএস থেকে নিয়োগ পেলেন আরও ৯৬ জন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
২৭তম বিসিএস থেকে নিয়োগ পেলেন আরও ৯৬ জন

দীর্ঘদিনের আইনি লড়াই ও অপেক্ষার পর ২৭তম বিসিএসের আরও ৯৬ নিয়োগবঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওই তারিখের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অন্য কোনো নির্দেশনা না এলে ১৮ মে থেকেই তাদের যোগদান কার্যকর হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে তা চাকরিতে অনাগ্রহ হিসেবে বিবেচিত হবে এবং নিয়োগ আদেশ বাতিল হয়ে যাবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জ্যেষ্ঠতা রক্ষার জন্য তাদের নিয়োগ কার্যকর ধরা হবে ওই ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে। অর্থাৎ, ধারণাগতভাবে তারা ব্যাচের অন্য কর্মকর্তাদের সমপর্যায়ের জ্যেষ্ঠতা পাবেন। তবে এই সুবিধার বিপরীতে কোনো বকেয়া আর্থিক সুবিধা বা বেতন-ভাতা প্রদান করা হবে না। ২৭তম বিসিএসকে ঘিরে দীর্ঘদিন ধরেই আইনি জটিলতা চলছিল। প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হলেও ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সেই ফল বাতিল করে পুনরায় মৌখিক পরীক্ষা নেয়।
পরে প্রথম ভাইভার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন। ২০০৮ সালে হাইকোর্ট ফল বাতিলকে বৈধ ঘোষণা করলেও পরবর্তীতে আপিল বিভাগে বিষয়টি গড়ায়। অবশেষে গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ ১ হাজার ১৩৭ জন নিয়োগবঞ্চিত প্রার্থীকে চাকরিতে নিয়োগের নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় গত বছরের ১৮ ডিসেম্বর প্রথম ধাপে ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এবার আরও ৯৬ জনকে নিয়োগ দেওয়ার মাধ্যমে সেই প্রক্রিয়ার নতুন অগ্রগতি হলো।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই যুদ্ধবিরতি বর্তমানে ‘লাইফ সাপোর্টে’ রয়েছে। একইসঙ্গে যুদ্ধে ‘পূর্ণ বিজয়’ নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে আবারও বাণিজ্যিক জাহাজগুলোকে সামরিক পাহারা বা এসকর্ট দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার (১১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এ মন্তব্য করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে খারাপ প্রভাব পড়ছে উল্লেখ করে ট্রাম্প জানান, ওয়াশিংটনের দাবির বিপরীতে গত সপ্তাহে ইরানের দেওয়া প্রতিক্রিয়া প্রমাণ করে যে, এই দুর্বল যুদ্ধবিরতি এখন ‘অবিশ্বাস্যভাবে নাজুক’ পরিস্থিতিতে রয়েছে। যুদ্ধবিরতির নাজুক অবস্থা উল্লেখ করে ট্রাম্প হাস্যরস করে বলেন, আমি যখন বলব যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে, সেখানে ডাক্তার এসে বলেন, ‘স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র এক শতাংশ!’
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি হরমুজ প্রণালি দিয়ে তেল ও অন্যান্য বাণিজ্যিক জাহাজ পাহারা দেওয়ার প্রচেষ্টা পুনরায় শুরু করার কথা ভাবছেন। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ৬ মে ‘অপারেশন ফ্রিডম’ উপসাগরে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে দুই দিনেরও কম সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্রদের বাধার মুখে তা আকস্মিক বন্ধ করতে বাধ্য হন ট্রাম্প।
ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের শর্তে সংঘাত কমানোর প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। কিন্তু গত সপ্তাহে ইরান পাল্টা যে শর্তগুলো দিয়েছে, তা ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য হয়নি। ইরানের দেওয়া প্রস্তাবকে তিনি ‘আবর্জনা’ বা গার্বেজ বলে অভিহিত করেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি মনে করে চাপের মুখে আমেরিকা পিছু হটবে, তবে তারা ভুল করছে। তিনি আরও বলেন, ‘আমরা একটি পূর্ণ বিজয় অর্জন করতে যাচ্ছি। আমি ক্লান্ত বা বিরক্ত হব না, আমার ওপর কোনো চাপ নেই।
ইরানের সঙ্গে এখন আলোচনা করতে চায় কিনা জানতে চাইলে ট্রাম্প উল্টো ইরানের বর্তমান নেতৃত্বের সমালোচনা করেন। ট্রাম্প বলেন, সেখানে‘নরমপন্থী’ ও ‘পাগল’ এই দুই ধারার লোক রয়েছে। যারা যুদ্ধ চালিয়ে যেতে চায় তাদের উদ্দেশে ট্রাম্পের হুঁশিয়ারি—যদি সত্যি যুদ্ধ বাধে, তবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিতে তা হবে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের একটি লড়াই।