খুঁজুন
                               
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২ আষাঢ়, ১৪৩৩

মতলব উত্তরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে এএসপি খায়রুল কবীর

মতলবে শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের সঙ্গে জনগণের অংশগ্রহণ জরুরি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ণ
মতলবে শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের সঙ্গে জনগণের অংশগ্রহণ জরুরি

মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক আয়োজন ‘মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫’। শুক্রবার (১৬ মে ২০২৫) বিকেল ৩টায় শুরু হওয়া এই ম্যাচটি আয়োজন করে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, যার মূল উদ্দেশ্য সমাজে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর বলেন, “আজকের এই আয়োজন একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। আমাদের সমাজে যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বাড়ছে, তা প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টায় সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা।” তিনি আরও বলেন, আমাদের তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক নেতৃত্বের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে এবং আমরা চাই সকলে মিলে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গড়ে তুলি। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্যে এবং আশা করি এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজিত হবে, যা সমাজ গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, “আমরা সবসময় চেষ্টা করি মতলব উত্তর থানা এলাকাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জায়গা হিসেবে গড়ে তুলতে। জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। আমি আহ্বান জানাবো, যে কোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে আপনারা আমাদের জানাবেন। আপনারা আমাদের অংশীদার—একসাথে কাজ করলে আমরা অবশ্যই একটি অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পারবো। এ ধরনের সচেতনতামূলক আয়োজন সেই পথেই একটি বড় পদক্ষেপ।”
মতলব দক্ষিণ থানার ওসি সালে আহম্মেদ বলেন, “বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হলে শুধু পুলিশ নয়, পরিবার ও সমাজের প্রতিটি সদস্যকে সচেতন হতে হবে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাই, এসব প্রতিরোধে সকলে এগিয়ে আসুক। পুলিশ জনগণের বন্ধু—এই বিশ্বাস প্রতিষ্ঠা করতে হলে পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমি আয়োজকদের এমন একটি সময়োপযোগী আয়োজন করার জন্যে ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত আকারে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর বন্ধু মহল ক্লাবের সদস্য রোকন সরকার।
মাঠে মুখোমুখি হয় মতলব সোনালী অতীত বনাম গৌরিপুর ভোরের সাথী। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গৌরিপুর ভোরের সাথী একাদশ ৩-১ গোলে জয়লাভ করে। দর্শকদের উপচেপড়া ভিড় এবং প্রাণবন্ত উৎসাহ পুরো খেলাকে উৎসবমুখর করে তোলে।
এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন প্রবাসী সমাজসেবক মনছুর আলম ইমন (আমেরিকা) ও কামরুল হাসান রাসেল (ইতালি)। তাঁদের আন্তরিক সহযোগিতা এবং উৎসাহ প্রদানের জন্যে আয়োজক কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার ও স্মারক প্রদান করা হয়। এ ধরনের আয়োজন শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমাজে মাদকবিরোধী আন্দোলনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে—এমনটাই বিশ্বাস করেন আয়োজকরা। নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয় ও অনুসরণযোগ্য হয়ে উঠেছে সবার কাছে।

রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।
এর আগে সকালে আসামি সোহেলকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্নাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। পরে মামলা রায় পড়া শুরু করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। তিনি বলেন, সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রমাণিত। রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে। স্বপ্নাও সোহেল রানার মতো একই অপরাধে অপরাধী। ধর্ষণ পরিবার নয়, পুরো সমাজের হৃদয়কে ব্যথিত করে। এদিকে এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয় গত ৪ জুন। যুক্তিতর্ক শেষে আদালত ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে সে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান। পরে সেখানে রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামিদের ঘরের সামনে রামিসার জুতা দেখতে পান তার মা। ডাকাডাকিতে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভেতর থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেওয়া হলে পুলিশ এসে স্বপ্নাকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। হত্যাকাণ্ডের তদন্ত শেষে মাত্র ৫ দিনের মাথায় রোববার (২৪ মে) পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের ঢালা ভেঙে আবারও যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘এসবি পরিবহন’-এর একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পাড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ডুবে যাওয়া বাসটি উদ্ধারে কাজ শুরু করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিরা। বাসটি নদী থেকে টেনে তুলতে এরই মধ্যে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পুরো উদ্ধার কার্যক্রম সরাসরি তদারকি করছেন বিআইডব্লিউটিএ-এর মেম্বার (ইঞ্জিনিয়ারিং), যিনি বর্তমানে দৌলতদিয়ায় অবস্থান করছেন।
এর আগে, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সভাপতি পলাশ মজুমদার, সেক্রেটারি রফিকুল ইসলাম

চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৬-২০২৭ রোটারী বর্ষের কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৬-২০২৭ রোটারী বর্ষের কমিটি গঠন

ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৬-২০২৭ রোটারী বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি চাঁদপুর রোটারী ভবনের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে অনুষ্ঠিত ক্লাবের চলতি রোটারী বর্ষের পঞ্চম বোর্ড সভায় এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে রোটারিয়ান অ্যাডভোকেট পলাশ মজুমদার এবং সেক্রেটারি হিসেবে রোটারিয়ান মো. রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মোস্তফা (ফুল মিঞা); প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান উজ্জ্বল হোসাইন; ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, রোটারিয়ান গোপাল চন্দ্র সাহা ও রোটারিয়ান মো. নাজিমুল ইসলাম এমিল; সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান শাহীন আক্তার; জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান হাবিবুর রহমান পাটোয়ারী, রোটারিয়ান ইবনে আজম সাব্বির, রোটারিয়ান কাজী মিজানুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান মহসিন পাঠান। ট্রেজারার হিসেবে রয়েছেন রোটারিয়ান সঞ্জয় কুমার অধিকারী। ডিরেক্টর ক্লাব সার্ভিস জুয়েল হাসান, ডিরেক্টর ভোকেশনাল সার্ভিস মোহাম্মদ কবির হোসেন খান, ডিরেক্টর কমিউনিটি সার্ভিস রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস রোটারিয়ান সাইফুল ইসলাম রনি এবং ডিরেক্টর ইয়ূথ সার্ভিস রোটারিয়ান রেদওয়ান রহমাতুল্লাহ সম্রাট।
বুলেটিন এডিটর হিসেবে রয়েছেন রোটারিয়ান মানিক লাল দেবনাথ এবং জয়েন্ট বুলেটিন এডিটর রোটারিয়ান মো. মাইনুদ্দিন। চীফ সার্জেন্ট এট আর্মস হিসেবে রয়েছেন রোটারিয়ান অ্যাডভোকেট ভাস্কর দাস এবং সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে রয়েছেন রোটারিয়ান ফয়সাল আহমেদ ফরাজী, রোটারিয়ান মো. মহসিন ভূঁইয়া, রোটারিয়ান গাজী মোহাম্মদ মহসিন কাদের ও রোটারিয়ান মোহাম্মদ রুবেল মিয়াজী শোভন। নবগঠিত এ কমিটি আগামী ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
বোর্ড সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সদস্যবৃন্দ। সাবেক সভাপতিবৃন্দের মধ্যে ছিলেন রোটারিয়ান সুভাষ চন্দ্র রায়, রোটারিয়ান তমাল কুমার ঘোষ, রোটারিয়ান অধ্যাপক মো. জাকির হোসেন, রোটারিয়ান ডা. এমজি ফারুক ভূঁইয়া, রোটারিয়ান নাসির উদ্দিন খান, রোটারিয়ান শেখ মঞ্জুরুল কাদের সোহেল, রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ, রোটারিয়ান খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, রোটারিয়ান অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন এবং সিনিয়র সদস্য রোটারিয়ান আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার।
এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি রোটানিয়ান মো. মোস্তফা ফুল মিঞা, সেক্রেটারি রোটারিয়ান নাজিমুল ইসলাম এমিলসহ বর্তমান বোর্ডের অন্য সদস্যবৃন্দ। সভায় বক্তারা নবগঠিত কমিটির প্রতি শুভ কামনা জানিয়ে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও মানবকল্যাণমুখী করার আহ্বান জানান।