খুঁজুন
                               
, ,

শুধু সরকারের নয়, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
শুধু সরকারের নয়, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে শিক্ষার্থী ও তরুণদের এগিয়ে আসার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
ডেঙ্গু পরিস্থিতি, হাসপাতালের চিকিৎসাসেবা এবং পরিচ্ছন্নতা ব্যবস্থার বাস্তব চিত্র দেখতে এদিন রাজধানীর কয়েকটি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। দিনের শুরুতে তিনি কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে অসন্তোষ জানান প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হাসপাতালের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মান উন্নয়নে সাত দিনের সময়সীমা দেন তিনি।
পরে রাজউক উত্তরা মডেল কলেজে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে তরুণদের ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বছরের নির্দিষ্ট সময়ে, বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। প্রতিবছর এ রোগে অনেকে আক্রান্ত হন এবং প্রাণহানির ঘটনাও ঘটে। তাই ডেঙ্গু মোকাবিলায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসার পাশাপাশি শুরু থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। আর এর অন্যতম উপায় হলো আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে। এ কাজে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিপুলসংখ্যক তরুণ যদি নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব নেয়, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
ঢাকার পরিচ্ছন্নতা ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বসবাস। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করলেও তাঁদের পক্ষে শহরের প্রতিটি স্থান পরিষ্কার রাখা কঠিন। তাই নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেবল সরকারি সংস্থা বা প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে।
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধেও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী। নির্ধারিত স্থানের বাইরে কেউ ময়লা ফেললে তাঁকে সচেতন করার আহ্বান জানান তিনি। নাগরিকদের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে রাজধানীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

কক্সবাজারে রিসোর্টে আগুন: মৃত ৬ জনের নাম-পরিচয় প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
কক্সবাজারে রিসোর্টে আগুন: মৃত ৬ জনের নাম-পরিচয় প্রকাশ

কক্সবাজারের ইনানী পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম। অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিরা হলেন, রাজধানী ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)। এ ঘটনায় আহত ছয়জন হলেন, মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। অপরজন পড়ে গিয়ে আহত হন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দগ্ধ পাঁচজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিসোর্টে অবস্থান করছিলেন ১৬ জনের বেশি পর্যটক, বাইরে ছিলেন ৫ জন
পুলিশ সূত্র জানিয়েছে, টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টটি কাঠের তৈরি। এতে মোট রুম ছিল ৯টি। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিন রুমের পর্যটক চেকআউট হয়ে চলে যান। বাকি ৬ রুমে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের মধ্য থেকে ৫ থেকে ৬ জনের মতো সকালে বেরিয়ে বিভিন্ন কাজে বাইরে ছিলেন। অগ্নিকাণ্ডে তাদের মধ্য থেকে ছয়জন মারা যান। বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ৪ থেকে ৫ জন বের হতে পেরেছেন। তবে বাকিদের বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আরও একজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

লিস্ট ‘এ’ বা আন্তর্জাতিক ওয়ানডের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এখনও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে। অস্ট্রেলিয়ান এই ব্যাটার এবার নিজ দেশে দ্রুততম হাফসেঞ্চুরি করলেন স্রেফ ১৪ বলে। যদিও লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি সবমিলিয়ে চতুর্থ দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। ম্যাকগার্কের সেই ইনিংস ৬৩ বলে ১০ চার ও ৯ ছক্কায় ১২২ রানে থেমেছে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ ওয়ানডে কাপের ম্যাচে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ওই ইনিংস খেলেছেন ২৪ বছর বয়সী এই বিধ্বংসী ব্যাটার। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটার ম্যাকগার্ক ১২২ এবং নাথান ম্যাকসুইনি ১০৬ ও জ্যাক লেহম্যানে ৫৮ রানের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৭ রান তোলে দক্ষিণ অস্ট্রেলিয়া। তাদের লক্ষ্য তাড়ায় নেমে ২৭১ রানে অলআউট হওয়ায় কুইন্সল্যান্ড ১২৬ রানে হেরেছে।
আগ্রাসী ব্যাটিংয়ে ফ্রেজার-ম্যাকগার্ক ম্যাচের সুর বেঁধে দেন। যা তাকে দ্রুততম ‘লিস্ট এ’ সেঞ্চুরির নিজের বিশ্বরেকর্ডটি ভাঙার পথেও এগিয়ে নিয়ে গিয়েছিল। ইনিংসের দ্বিতীয় ওভারে টম স্ট্রাকারের বলে তিনি ২২ রান এবং চতুর্থ ওভারে টম হুইটনির বলে ১৬ রান নিয়েছেন। ষষ্ঠ ওভারেও তার এই তাণ্ডব অব্যাহত থাকে; তিনি হেইডেন কারের বলে একটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে মাত্র ১৪ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন। এটি তার ২০২৩ সালে গড়া আগের ১৮ বলের রেকর্ডটির চেয়ে আরও দ্রুততম।
লিস্ট ‘এ’ ক্রিকেটে অবশ্য দ্রুততম হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর দখলে আছে। ৫০ ওভারের ম্যাচে তার হাফসেঞ্চুরি হয়েছিল স্রেফ ১১ বলে। বর্তমানে বিশ্বজুড়ে দ্রুততম ‘লিস্ট এ’ অর্ধশতকের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন ফ্রেজার-ম্যাকগার্ক। আরও একবার ২৯ বলে সেঞ্চুরি করার সুযোগ তার হাতের নাগালেই ছিল। পরের আট বলে চারটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে তিনি ২২ থেকে ৭৫ রানে পৌঁছে যান। কিন্তু কুইন্সল্যান্ডের অধিনায়ক ও চারটি টেস্ট খেলা স্পিনার মিচেল সোয়েপসন নবম ওভারে ফ্রেজার-ম্যাকগার্কের বিপক্ষে পাঁচটি বল করে মাত্র এক রান দেন, যা তার দ্রুততম সেঞ্চুরির আশাকে নিভিয়ে দেয়।
সোয়েপসনের দ্রুতগতির লেগ-ব্রেক ডেলিভারিকে ফ্রেজার-ম্যাকগার্ক ঠিকঠাক সামলাতে পারছিলেন না। একটি বল ঠিকঠাক খেলতে না পেরে মিড-অনের কিছুটা সামনেই তুলে দেন, আর অন্য একটি বল লেগ সাইডের দিকে চলে যাওয়ার সময় এলবিডব্লিউ হওয়ার হাত থেকে অল্পের জন্য বেঁচে যান। শেষ পর্যন্ত ৪৯ বল লেগেছে ম্যাকগার্কের সেঞ্চুরি পেতে।

দেড় বছরে ইন্টেরিম সরকার যে ক্ষতি করেছে তার বর্ণনা দেওয়া যাবে না : বিমানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
দেড় বছরে ইন্টেরিম সরকার যে ক্ষতি করেছে তার বর্ণনা দেওয়া যাবে না : বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ১৭ বছর ফ্যাসিস্ট সরকার তো ক্ষতি করছেই, এই দেড় বছরে ইন্টেরিম সরকার যে ক্ষতি করেছে আমাদের, এই ক্ষতির বর্ণনা আপনাদের দেওয়া যাবে না।
তিনি বলেন, দেশে যেন নির্বাচন না হয়, দেশে যাতে অস্থিরতা থাকে তার জন্য ইন্টেরিম সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছে। দেশে একটা গ্রুপ আছে যারা অপতথ্য ছড়ায়। আমরা যাকে বট বাহিনী বলি তারাই এসব করছে। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জের উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বিমানমন্ত্রী আরও বলেন, ফেসবুকে ৭০ ভাগ মিথ্যা নিউজ আসে, এগুলো অপতথ্য-ভিত্তিহীন। এ ভিত্তিহীন নিউজ থেকে সরে আসতে হলে আমাদের সাংবাদিক ভাইদের সহযোগিতা লাগবে। যারা দেশকে ভালোবাসেন দেশের উন্নতি চান তাদের উৎসাহিত করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা যে কাজগুলো করছে, থানার ওসি সাহেব যে কাজগুলো করছে, আমার দলের লোকজন যে কাজগুলো করছে সেগুলো নিয়ে একটু লিখতে হবে। তবে হ্যাঁ এদের মধ্যে অনেকে খারাপ কাজও করে এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু যারা খারাপ কাজ করবে তাদের দল থেকে বহিষ্কার করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার। অনুষ্ঠানে বিভিন্ন পূজা মণ্ডপে সরকারি সহায়তা প্রদান ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ, বৃক্ষ রোপণ, অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।