খুঁজুন
                               
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

আমরা চাই ভূমি বিষয়ে মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয় : অতিরিক্ত জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
আমরা চাই ভূমি বিষয়ে মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয় : অতিরিক্ত জেলা প্রশাসক

মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) ‘ভূমিখাতে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার সহজীকরণ ও জনভোগান্তি হ্রাস’ এই শ্লোগান নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর-এর আয়োজনে এবং উপজেলা ভূমি অফিস ও শাহমাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক সহযোগিতায় ভূমি অফিসের সেবা সম্পর্কিত তথ্য জনসাধারণকে জানানো ও ভূমি অফিসের সেবায় সুশাসন বৃদ্ধির লক্ষ্যে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গণশুনানি অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক বলেন, আইনের মধ্যে থাকলে ভূমি সম্পর্কিত সকল সমস্যার সমাধান করা হবে। আমরা চাই ভূমি বিষয়ে মানুষ যেন কোনো ধরনের হয়রানি শিকার না হয়। সেবা নিতে সাধারণ জনগণকে আরও বেশি সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। ভূমিসেবা নিতে গিয়ে আপনার কাছ থেকে অফিসের কোনো লোক যদি সরকার নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত কোনো টাকা নেয়, তাহলে প্রমাণ সাপেক্ষে আমার কাছে অভিযোগ করবেন, আমি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করবো। আপনারা আমাকে এ বিষয়ে সরাসরি বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ দিতে পারেন। আপনারা ভূমি নিয়ে কোনো জটিলতায় পড়লে প্রথমে এসিল্যান্ডের কাছে যাবেন। সমাধান না হলে আমার কাছে চলে আসবেন। তিনি আরও বলেন, ভূমি সেবাখাতে জনসাধারণের সেবাপ্রাপ্তি বিষয়ে অনেক পরিবর্তন এসেছে। চাঁদপুরে ৫টি ভূমি সহায়তা কেন্দ্র রয়েছে। আপনারা সেখান থেকেও সেবা নিতে পারেন। স্বল্প খরচে অনলাইনে আবেদন করাসহ যে কোন সহায়তা আপনারা ভূমি সেবা কেন্দ্রে পাবেন। আপনারা আজ লিখিত ও মৌখিকভাবে যে সমস্যাগুলোর কথা বলেছেন, পরবর্তীতে আপনারা আজকের এই গণশুনানির রেফারেন্স দিলে আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করতে। তবে আপনাদেরকে জমিজমা বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে। ভূমি সেবাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের জন্যে সনাক-টিআইবি’র এটি একটি ভালো উদ্যোগ। তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি জনসাধারণের কাছ থেকে উত্থাপিত লিখিত ও মৌখিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত বা ভূমি আইন নিয়ে সাধারণ জনগণের তেমন কোনো ধরাণা নেই। তবে ভূমি আইন ও ভূমি সংক্রান্ত বিষয়ে আপনার কিছু ধারণা থাকা দরকার। ভূমি নিয়ে আপনাদের অজ্ঞতা কারণেই আপনাদেরকে অনেক বেশি হয়রানি হতে হয়। তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি এলাকার সাধারণ মানুষদের জিম্মি করে হয়রানি করে। আপনারা দালালের মাধ্যমে ভূমিসেবা নিতে গিয়ে প্রতারিত হবেন না। তিনি ভূমি অফিসের সেবা সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করেন। তিনি গণশুনানিতে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী বলেন, আমাদের ভূমি বিষয়ে অজ্ঞতার কারণেই বিভিন্ন জটিলতায় পড়তে হয়। আমরা যদি সচেতন ও আন্তরিক হই তাহলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আমরা লক্ষ্য করছি সদর উপজেলায় ভূমিসেবা নিয়ে যারা কাজ করছেন তারা জনসাধারণের সেবা প্রদানে খুবই আন্তরিক। আর আন্তরিক বলেই আজ ভূমিখাতে সমস্যাগুলো নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আজকের উত্থাপিত সুপারিশ ও সমস্যাগুলো ছাড়াও যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা সদর উপজেলা ভূমি কর্মকর্তার সাথে সরাসরি দেখা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ভুল, মিথ্যা ও হয়রানিমূলক তথ্য নিয়ে যাবেন না। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে তিনি সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস ও শাহমাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিসের সেবা সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালনা করেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মো. মমিন পাটওয়ারী, মো. সেলিম চৌধুরী, মো. মিজানুর রহমান, স্বপন মাহমুদ, মাসুদ বেপারী, তাহের বেপারী, রমজান মিজি, মোস্তফা খাঁন, মো. শাহজালাল, ফাতেমা বেগম ও মো. মাহবুব খাঁন প্রমুখ।
সনাক চাঁদপুরের ভূমি বিষয়ক এসিজি গ্রুপের সমন্বয়কারী মো. উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন। ভূমিখাতে সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে সনাক-টিআইবি’র লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. মাসুদ রানা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ। উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি অ্যাড. পলাশ মজুমদার ও জেসমিন আক্তার জেসী, সনাক সদস্য রুমা সরকার, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দছ আখন্দ রোকন, ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা মো. নুরুল ইসলাম সোহাগ, এসিজি গ্রুপের সদস্যবৃন্দ ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দসহ ইউনিয়নের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও উপজেলা ভূমি অফিসের সেবা সম্পর্কিত বিষয়ে সুশাসন বৃদ্ধির লক্ষ্যে শাহমাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মাইকিং-এর মাধ্যমে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ)  বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য। সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খানের নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।
১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। সূত্র : সিএনএন, এক্সিওস

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরানের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি; তবে ইসরায়েল কাৎজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। সাইরেন বাজানোর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য সক্রিয় সতর্কতা।”

মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ২৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশের ভারসোভা বিভাগ ও মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৫০ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের প্রথম দুই মাসেই শুধুমাত্র মুম্বাই শহর থেকে ১১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অবৈধ প্রবেশ এবং শহরে থাকার ব্যবস্থার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করার কাজও চলছে। এর আগে সপ্তাহের শুরুতে ভিলে পার্লে এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে মীরা ভায়ান্ডার ওই বাসিন্দাকে, যিনি প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ, তাকে নির্বাসিত করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বাইতে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৩৮ জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৭ জনকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে। এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, শুধুমাত্র ২০২৫ সালেই এক হাজার ১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছরে ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।