খুঁজুন
                               
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন, ১৪৩২

প্রবীণদের একাকিত্ব তৈরি হচ্ছে শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ণ
প্রবীণদের একাকিত্ব তৈরি হচ্ছে শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ

নিম্নবিত্ত পরিবারে মা-বাবার ভরণপোষণে সামর্থ্য থাকে না। মধ্যবিত্ত পরিবারে ছেলেমেয়ে বিয়ের পর আলাদা হয়ে যায়। অনেকের সন্তান বিদেশে চলে যায়। ফলে প্রবীণ ব্যক্তিদের একাকিত্ব বাড়ছে।
বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার একাত্তর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বিশ্বব্যাপী প্রবীণ দিবস পালিত হয় ১ অক্টোবর। তবে শারদীয় দুর্গাপূজার কারণে বাংলাদেশে এবার পালিত হয় ৫ অক্টোবর। সমাজকল্যাণ মন্ত্রণালয় দিবসটির প্রতিপাদ্য করেছে– ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সঙ্গে তোমায় রাখবো আলগে’। গতকালের সভায় বক্তারা জানান, বাংলাদেশে মানুষের গড় আয়ু এখন প্রায় ৭২ বছর। দেশের ৬০ বছর বা তার ঊর্ধ্ব বয়স এমন মানুষের হার বর্তমানে প্রায় ১১ শতাংশ। এটা ২০৫০ সালের মধ্যে ২২ শতাংশে পৌঁছাবে। তিন দশকের মধ্যে প্রবীণদের সংখ্যা দাঁড়াবে তিন কোটি ৬০ লাখে। বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়তে থাকা এই জনগোষ্ঠীর সামনে যেমন শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তেমনি তৈরি হচ্ছে আর্থিক, সামাজিক এবং পারিবারিক সুরক্ষার সংকট। পরিবার কাঠামো, জনসংখ্যাগত পরিবর্তন এবং অসংক্রামক রোগের কারণে প্রবীণদের জীবনযাত্রা ক্রমে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাই সরকারি ও বেসরকারি সংগঠনগুলোকে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সভায় প্রয়াত প্রবীণ ব্যক্তিত্ব অধ্যাপক ড. এম শমশের আলী, ড. আমিরুল ইসলাম, লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশীদ (বীরপ্রতীক) ও ইঞ্জিনিয়ার মো. ফজলুল হকের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সম্পাদক ড. গোলাম শওকত হোসেন।
‘বার্ধক্যের চ্যালেঞ্জ: নিঃসঙ্গতা থেকে বৈষম্য প্রসঙ্গে’ মূল প্রবন্ধে জানানো হয়, প্রযুক্তিনির্ভর সমাজে প্রবীণদের বড় অংশ পিছিয়ে পড়ছে। এটা তৈরি করছে ‘গ্রে ডিজিটাল ডিভাইড’। অর্থনৈতিক দিক থেকেও তারা অনিশ্চয়তায় ভুগছেন। সরকারি বয়স্কভাতা (৫০০-৬০০ টাকা) প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অধিকাংশ প্রবীণ বেসরকারি খাত বা অনানুষ্ঠানিক অর্থনীতিতে কাজ করায় অবসরের পর তাদের স্থায়ী আয় থাকে না।
প্রধান অতিথির বক্তব্যে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘ঢাকা শহর এখন পৃথিবীর সবচেয়ে প্রবীণ-অবান্ধব শহরগুলোর একটি। এখানে সুস্থ মানুষ হাঁটতে পারে না, প্রবীণরা কীভাবে হাঁটবে? পার্ক, বসার জায়গা, উন্মুক্ত স্থান– হারিয়ে যাচ্ছে। অ্যাপার্টমেন্ট সংস্কৃতিতে প্রবীণরা ঘরবন্দি। রোদে যাওয়া, হাঁটা– এসবের সুযোগ নেই। অথচ প্রবীণদের সুস্থ থাকার জন্য রোদ ও শারীরিক নড়াচড়া জরুরি।’
তিনি আরও বলেন, ‘প্রবীণদের সংকট কেবল অর্থনৈতিক নয়, সামাজিক ও মানসিক দুটোই। সরকারি পর্যায়ে প্রবীণদের জন্য শিশু ও নারীদের মতো আলাদা নীতিমালা নেই। আমাদের উচিত এই বিষয়ে নতুন করে ভাবা।’ সভাপতির বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘জেরিয়াট্রিক মেডিসিন (বার্ধক্যবিদ্যা) গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পাশাপাশি কেয়ারগিভিংও (যত্ন নেওয়া) বিশাল অর্থনৈতিক খাত। এখানে মান নির্ধারণ দরকার। এখন অনেক সাবস্ট্যান্ডার্ড সেবা চলছে। সোসাইটি চাইলে এ খাতে নীতিনির্ধারণ ও মান নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।’
তিনি আরও বলেন, ‘প্রবীণদের নিয়ে আলোচনায় অনেক সময় নারীরা হারিয়ে যান। অথচ তাদের সমস্যাগুলো আলাদা ও জটিল- স্বাস্থ্য, সামাজিক অবস্থান, নিরাপত্তা ও আর্থিক দিক থেকে।’ এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, সোসাইটির সহসভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. অধ্যাপক জি এম ফারুকী, নজরুল গবেষক আতা উল্লাহ খান, ড. শরীফা বেগম প্রমুখ বক্তব্য দেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ)  বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য। সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খানের নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।
১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। সূত্র : সিএনএন, এক্সিওস

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরানের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি; তবে ইসরায়েল কাৎজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। সাইরেন বাজানোর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য সক্রিয় সতর্কতা।”

মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ২৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশের ভারসোভা বিভাগ ও মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৫০ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের প্রথম দুই মাসেই শুধুমাত্র মুম্বাই শহর থেকে ১১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অবৈধ প্রবেশ এবং শহরে থাকার ব্যবস্থার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করার কাজও চলছে। এর আগে সপ্তাহের শুরুতে ভিলে পার্লে এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে মীরা ভায়ান্ডার ওই বাসিন্দাকে, যিনি প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ, তাকে নির্বাসিত করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বাইতে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৩৮ জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৭ জনকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে। এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, শুধুমাত্র ২০২৫ সালেই এক হাজার ১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছরে ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।