খুঁজুন
                               
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

রয়টার্সের প্রতিবেদন

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন বাংলাদেশে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন বাংলাদেশে

বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। একে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এসব নির্বাচনে বিরোধী দলগুলো হয় বয়কট করেছে, নয়তো সীমিত অংশগ্রহণ করেছে। ফলে নির্বাচনগুলো প্রতিযোগিতামূলক ছিল না বলে উল্লেখ করেছে সংস্থাটি।
টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বর্তমানে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ২০২৪ সালের অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের মতে, ২০০৯ সালের পর এবার প্রথম বাংলাদেশে একটি প্রকৃত প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসন্ন নির্বাচনে বিএনপি জয়ী হবে বলে মনে করা হচ্ছে। তবে সেই জয়ের পথে জামায়াতে ইসলামী একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেখ হাসিনা-বিরোধী আন্দোলনকে নির্বাচনী ভিত্তিতে রূপ দিতে ব্যর্থ হয়ে জামায়াতের সঙ্গে জোট গঠন করেছে।
বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। রয়টার্স বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছে। তিনি জানান, নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনের ব্যাপারে তাঁর দল আত্মবিশ্বাসী।
বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুতির পর থেকে ১৭ কোটি ৫০ লাখ মানুষ অধ্যুষিত বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে ওঠার জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। পাশাপাশি ভবিষ্যতে এশিয়ার দুই পরাশক্তি– চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন পথে যাবে, সেটিও অনেকাংশে এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে।
রয়টার্স জানায়, এবারের নির্বাচনে মোট ভোটারের প্রায় ২৫ শতাংশ তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’। তাদের রাজনৈতিক পছন্দ ও সিদ্ধান্ত নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী যে ফলাফলই অর্জন করুক না কেন, তা ঐতিহাসিক হতে পারে। বিভিন্ন জনমত জরিপের বরাত দিয়ে রয়টার্স বলছে, ১৯৭১ সালের পর অনুষ্ঠিত সব জাতীয় নির্বাচনের মধ্যে এবারই জামায়াতে ইসলামী সবচেয়ে ভালো ফলাফল করতে পারে।

মতলবে শাহাদাত মিয়াজীর নেতৃত্বে ধানের শীষের মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
মতলবে শাহাদাত মিয়াজীর নেতৃত্বে ধানের শীষের মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার শেষদিনে চাঁদপুর-২ নির্বাচনী আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিনের ধানের শীষ প্রতীকের মিছিল করেছে মতলব দক্ষিণ উপজেলার পুটিয়া কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ। খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মো. শাহাদাত হোসেন মিয়াজীর নেতৃত্বে গতকাল ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ৪ এবং ৯নং ওয়ার্ডে এই অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে পুটিয়ায় দলীয় কার্যালয়ে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন মিয়াজী। এ সময় তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদিন ধানের শীষের ভোট দিবেন। মনে রাখবেন, ধানের শীষ প্রতীক নির্বাচিত হলে ড. জালাল নির্বাচিত হবে। আর ড. জালাল নির্বাচীত হলেই তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে সাধারণ মানুষের জীবন-মান উন্নয়নসহ ৩১ দফা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
মিছিলে উপস্থিত ছিলেন পুটিয়া কেন্দ্র কমিটির আহবায়ক ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার চুন্নু মিয়াজী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন মিয়াজী, কাউছার মিয়াজী। নাসির খন্দকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক জসিম মিয়াজী, জসিম উদদীন মিয়াজী, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পদক শামীম ঢালী ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীর প্রধান প্রমুখ।

সহিংসতা বা নাশকতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে : মহাপরিচালক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
সহিংসতা বা নাশকতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে : মহাপরিচালক

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা এবং যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকায় একমাত্র স্ট্যাটিক ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কোস্ট গার্ড দায়িত্ব পালন করছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২ টায় মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের দায়িত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ এবং নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে মোতায়েন রয়েছে।
রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দীর্ঘদিন ধরে দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ ও নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে নদীমাতৃক জেলা চাঁদপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড একটি নির্ভরযোগ্য বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ আয়োজন করেছে। নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় ৩ হাজার ৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকাসমূহে মোতায়েন রয়েছে। ইতোমধ্যে এসব প্লাটুন স্থলভাগ ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালীসহ নদীবেষ্টিত ভোলা জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলসমূহের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।
কোস্ট গার্ড মহাপরিচালক বিশেষভাবে উল্লেখ করে বলেন, ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব (উত্তর), চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকার মোট ৩৯টি ভোটকেন্দ্রে কোস্ট গার্ড সদস্যরা নিয়মিত নৌপথে টহল, বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করছে।
একই সঙ্গে অস্ত্র উদ্ধার অভিযান ও দুষ্কৃতকারী আটকের মাধ্যমে একটি উৎসবমুখর ও নিরাপদ ভোটবান্ধব পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। সবশেষে রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপকূলবাসীর নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড তার পেশাদারিত্বের সর্বোচ্চ প্রয়োগ অব্যাহত রাখবে।
এর আগে সকাল ১০টায় মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের ৫৮ নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন কোস্ট গার্ড মহাপরিচালক। মতবিনিময়কালে তিনি ভোটাধিকার প্রয়োগে ভোটারদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান এবং নির্বাচনকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্ব ও প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান

ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ (সোমবার) নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। তারেক রমহান বলেন, খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশই আমার প্রথম এবং শেষ ঠিকানা। তিনি প্রশ্ন রাখেন— শুধু খালেদা জিয়া না, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি? তখন উপস্থিত নেতাকর্মীরা ‘বাংলাদেশ’ বলে জবাব দেন।
তিনি বলেন, বিএনপি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল, যাদের দেশ গড়ার একটি পরিকল্পনা আছে। বিএনপি একমাত্র দল যাদের কর্মসূচি আছে দেশকে পুনর্গঠন করার। বিএনপি একমাত্র দল যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। কাজেই বিএনপি সব সময় বিশ্বাস করে, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি সৃষ্টি থেকে সব সময় জনগণের সমর্থন ছিল। জনগণের সমর্থন ছিল বলে, বিএনপি জনগণকে রেখে চলে যায়নি। জনগণের সুখ-দুঃখ যেকোনো পরিস্থিতিতে সব সময় বিএনপি জনগণের পাশে ছিল বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, জনগণ যত বার বিএনপিকে সুযোগ দিয়েছে, ততবারই বিএনপি চেষ্টা করেছে তার সর্বশক্তি দিয়ে দেশকে গড়ে তুলবার।
তারেক রহমান বলেন, আজ ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। আপনাদের রায় চাচ্ছি। আপনারা সমগ্র দেশে ধানের শীষকে বিজয়ী করেন, সারা দেশে আপনাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন আছে, সবাইকে যদি অনুরোধ করেন, আমিও আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ পৌঁছে দিতে চাই। আসনু আমাদের দেশ গঠন করতে হবে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপি একমাত্র দল যার সেই পরিকল্পনা, কর্মসূচি এবং অভিজ্ঞতা আছে। কাজেই বিএনপিকে আপনারা সুযোগ দিন। বিএনপি আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। বিএনপির সামনের দিনে রাজনীতি ও মূল লক্ষ্য দেশকে পুনর্গঠন করা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশকে স্বৈরাচার শেষ করে দিয়ে গেছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই দেশকে আবারও গড়ে তুলবো। দেশ যেহেতু আমাদের, সুতরাং বাইরে থেকে এসে কেউ গড়ে দিয়ে যাবে না।