খুঁজুন
                               
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন, ১৪৩২

ভোটের হাওয়ায় দেশ

মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনে আসছে ব্যাপক পরিবর্তন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৯:২৮ পূর্বাহ্ণ
মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনে আসছে ব্যাপক পরিবর্তন

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে খোদ মন্ত্রণালয় থেকে মাঠ প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। সচিবের সব শূন্য পদ পূরণ করা হবে। জেলায় ডিসি, এডিসি, ইউএনও পরিবর্তন করা হবে। একই সঙ্গে পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পর্যায়েও পরিবর্তন হবে বলে জানা গেছে। আগামী মাসের মধ্যে এই পরিবর্তন আসবে বলে প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। ইতোমধ্যেই প্রশাসনে ধীরে ধীরে রদবদল হচ্ছে।
প্রশাসনের একাধিক সূত্রে জানা গেছে, গত নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এমন কাউকে এই নির্বাচনে রাখতে চাচ্ছে না সরকার। সেভাবেই প্রস্তুতি চলছে। খালি থাকা কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের নতুন সচিব নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া রদবদলও হতে পারে। মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ জেলা প্রশাসক (ডিসি) পদেও ব্যাপক রদবদল করা হবে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব যোগ দিয়েছেন। সূত্র মতে, জনপ্রশাসনের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে (এপিডি) নিয়োগ পেলে রদবদল আরও দ্রুত গতিতে কাজ এগোবে বলে জানা গেছে। জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তাদের রদবদল করা হবে। নির্বাচন কমিশন চাইলে তফসিল ঘোষণার পরও রদবদল হবে। প্রশাসনে ২৪, ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যেই ২৪ ব্যাচের কর্মকর্তারা যুগ্ম সচিব হয়েছেন তাদের মাঠ থেকে তুলে আনার বিষয়টি প্রক্রিয়াধীন। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের আগে নতুন ডিসি দেওয়া হবে। পর্যায়ক্রমে ২৪ ব্যাচের ডিসিদের তুলে আনার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সেক্ষেত্রে কয়েকজন ২৮তম বিসিএসের কর্মকর্তাকে মাঠে পাঠানো হবে। নির্বাচনের সময় ডিসিরা রিটার্নিং অফিসার এবং ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তা হন। বর্তমানে ৩৪, ৩৫ এবং ৩৬ ব্যাচের কর্মকর্তারা ইউএনও হিসেবে আছেন। অনেক জেলায় ৩৪ এবং ৩৫ ব্যাচের কর্মকর্তারা অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্বেও আছেন। সূত্র জানায়, খুব দ্রুতই মাঠ থেকে ৩৪ ব্যাচের সব ইউএনওদের তুলে আনা হবে। সেখানে ৩৫ ও ৩৬ ব্যাচের কর্মকর্তা পাঠানো হবে। একই সঙ্গে নির্বাচনের আগে ৩৭ ব্যাচ থেকেও ইউএনও মাঠে পাঠানো হবে। অনেক ইউএনওর উপজেলা বদল করা হবে। ইতোমধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সামনে ইউএনওদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১১ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ ব্যাচভিত্তিক হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে পুলিশের বিভিন্ন পর্যায়েও বড় রদবদল আসবে। বর্তমানে ২৪, ২৫ এবং ২৭ ব্যাচের কর্মকর্তারা মাঠে এসপি হিসেবে আছেন। এর মধ্যে ২৪ ব্যাচের কর্মকর্তাদের তুলে আনা হবে। সূত্র জানায়, নির্বাচনের আগে ২৮ ব্যাচের দু-চারজনকে এসপি হিসেবে মাঠে পাঠানো হবে। এ ছাড়া মাঠে থাকা কর্মকর্তাদের জেলা বদল করা হতে পারে। কয়েকটি বড় জেলার এসপি পরিবর্তন করা হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি। এর আগে এক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনের আগে এসপি ও ওসিদের লটারির মাধ্যমে পদায়ন করা হবে। জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচন সামনে রেখে সব সরকারই মাঠ প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। সময় কম, দ্রুতই এই কাজটি করতে হবে। যাকে দায়িত্ব দেবে সরকার তারও ওই এলাকা চিনতে হবে।
এলাকা বিষয়ে পরিকল্পনা সাজাতে হবে। রদবদলের ক্ষেত্রে দক্ষ, অভিজ্ঞ ও সাহসী কর্মকর্তাদের মাঠ প্রশাসনে নিয়োগ দিতে হবে। কোনো ব্যক্তি বা দলের তদবির শুনলে হবে না।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ)  বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য। সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খানের নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।
১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। সূত্র : সিএনএন, এক্সিওস

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরানের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি; তবে ইসরায়েল কাৎজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। সাইরেন বাজানোর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য সক্রিয় সতর্কতা।”

মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ২৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশের ভারসোভা বিভাগ ও মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৫০ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের প্রথম দুই মাসেই শুধুমাত্র মুম্বাই শহর থেকে ১১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অবৈধ প্রবেশ এবং শহরে থাকার ব্যবস্থার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করার কাজও চলছে। এর আগে সপ্তাহের শুরুতে ভিলে পার্লে এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে মীরা ভায়ান্ডার ওই বাসিন্দাকে, যিনি প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ, তাকে নির্বাসিত করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বাইতে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৩৮ জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৭ জনকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে। এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, শুধুমাত্র ২০২৫ সালেই এক হাজার ১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছরে ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।