খুঁজুন
                               
, ,

চাঁদপুরে জৈনপুর বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২ আহত৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
চাঁদপুরে জৈনপুর বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২ আহত৩

চাঁদপুরের মতলবে জৈনপুর বাসের বেপরোয়া গতির তান্ডবে সিএনজি চালক সিদ্দিকুর রহমানের (৫০) মৃত্যুতে তার পরিবার পথে বসতে চললো। তার পরিবারে সেই একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। ৮ জুন রোববার দুপুরে বেপরোয়া জৈনপুর বাস শুধু সিদ্দিককেই নয় বরং প্রাণ কেড়ে নিয়েছে তপন চৌধুরীরও। এ ঘটনায় নারীসহ ২ জনকে মুমুর্ষ অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে। চাঁদপুর সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বিপ্লব দাস বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে সিদ্দিকের মৃত্যু হয়েছে।তাছাড়া রুমা ও মোস্তফা নামে দুজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকা রেফার করেছি। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্রাদার আবুল কালাম জানান, ঢাকায় রেফার করা রুমা (৪০) হচ্ছেন উদমদী এলাকার শাহ আলমের স্ত্রী। আর মোস্তফা (১৮) হচ্ছেন লালপুর খেরুদিয়া এলাকার কালাম সৈয়ালের ছেলে।

সিএনজি চালক নিহত সিদ্দিকের স্ত্রী জেসমিন জানান, আমরা মতলব উত্তরের ছোট হলদিয়ার উদমদী এলাকার বাসিন্দা। সেখানে আমাদের টিনসেড একটি ঘর রয়েছে। আমার ২ মেয়ে ও ২ ছেলের মধ্যে ছোট ছেলে সাগর অনেক আগেই পানিতে ডুবে মারা গেছে। বছর ২ আগে বড় ছেলে শাকিল কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। ২ মেয়ের মধ্যে বড় মেয়ে শিখা প্রতিবন্ধী। ছোট মেয়ে মিমও শারিরীকভাবে জড়তা রয়েছে। আমার স্বামীর সিএনজি চালানোর আয়েই আমাদের সংসার চলতো। এখন আমাদের সব শেষ করে দিলো ওই ঘাতক জৈনপুর বাস। আমরা এই অবৈধ বাস চালানো চালক ও মালিকের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি। সিদ্দিকের নিকট আত্মীয় মোঃ আনিসুর রহমান জানান, জৈনপুর পরিবহন বাসটি বাবুরহাট থেকে বেপরোয়া গতিতে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসার পথে পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় আমার খালু সিদ্দিকের সিএনজিকে ধাক্কা দিয়ে দুমরে মুচরে ফেলে। সিএনজিতে থাকা সব যাত্রীর অবস্থাই গুরুতর। এর আগেও জৈনপুর বাস অবৈধভাবে বেপরোয়াভাবে চলাচল করে যত্রতত্র পার্কিং করে মানুষের প্রাণহানি ঘটিয়েছে। আমরা এই রুটে এখন থেকে জৈনপুর বাসের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধের দাবী জানাচ্ছি।

জানা যায়, ঘটনাস্থলে নিহত তপন চৌধুরী মতলব উত্তরের ফতেপুর গ্রামের মৃত রানা চৌধুরী ছেলে। তার পরিবারের আহাজারিতে ঘটনাস্থলের বাতাস ভাড়ি হয়ে উঠছে। এ রুটে বেশ কিছু জৈনপুর বাস চলাচল করে প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছে। এ ঘটনায় আহত ফাহিম বলেন, আমরা সিএনজি দিয়ে মতলব থেকে চাঁদপুর যাচ্ছিলাম। আমার সাথে আমার মা বোন ছিলো। একটা জৈনপুর বাস বেপরোয়া গতিতে এসে আমাদের সিএনজিকে ধাক্কা দিলে আমরা উল্টে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা হয়। এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ বলেন, দূর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে আমরা যাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। নিহত ২ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ঘাতক জৈনপুর বাস জব্দ এবং ক্ষতিগ্রস্থ সিএনজিটি ঘটনাস্থল হতে থানা হেফাজতে নেয়া হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব ধরনের সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন সব ধরনের সুবিধা পাবেন। তার নিরাপত্তার জন্য এসএসএফ ও পিজিআরসহ ছয় মাসের একটি বিধান রয়েছে। এ ছাড়া পুলিশ ও অন্যান্য সংস্থার পক্ষ থেকেও তার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আইন অনুযায়ী যেসব সুবিধা প্রাপ্য, সেগুলোর সবই তিনি পাবেন। মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সংকটময় সময়ে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুযায়ীই তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি।
তিনি বলেন, সেই সময় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক সুরক্ষা (প্রিভিলেজ) ভোগ করতেন। ফলে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে বা এ-সংক্রান্ত বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না। তবে এর বাইরে কোনো সময়ের বক্তব্য নিয়ে কেউ মতামত দিলে, সেটি তাদের স্বাধীনতা। কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় সেখানে দেখিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তাদের সে অধিকার রয়েছে। গণঅভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ছিল, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, সেটি রয়েছে। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে। তবে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে নেই।

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আজ (বুধবার, ২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত! অনুমোদিত নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ‘বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প’। ১ হাজার ৪৯২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পটি ২০২৬ সালের এপ্রিল থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে তিন জেলার গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ের ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ অনুমোদন দেয়া হয়েছে। জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় ৯১ হাজার ৫৬০ কিলোমিটার পল্লী সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হবে। পাশাপাশি পরিবারপ্রধান ৪৫ হাজার ৭৮০ জন দুঃস্থ নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি (বাপেক্স) এবং পেট্রোবাংলার উদ্যোগে ৭২৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ের ‘১টি মূল্যায়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২) খনন’ প্রকল্পও অনুমোদন পেয়েছে। প্রকল্পটি সরকারি ও সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে।

সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

বেসরকারিভাবে হজ পালনে ৩ প্যাকেজ ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
বেসরকারিভাবে হজ পালনে ৩ প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্যাকেজগুলোর ঘোষণা দেন। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি ব্যবস্থাপনায় এবার খাওয়া ও কোরবানিসহ তিনটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ প্যাকেজের খরচ রাখা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
হাব জানায়, তিনটি প্যাকেজের মধ্যে বিশেষ প্যাকেজ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজ ৫ লাখ ৯৫ হাজার টাকা ও সাশ্রয়ী প্যাকেজ ৫ লাখ ১৩ হজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজের খরচ ৫ লাখ ২৩ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে এবার সাশ্রয়ী প্যাকেজের ব্যয় বেড়েছে ৩ হাজার ৫৪৫ টাকা। আর সাধারণ প্যাকেজের ব্যয় ৫ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৭ হাজার টাকা বেশি। এ ছাড়া বিশেষ হজ প্যাকেজে ব্যয় বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ২টি প্যাকেজ ঘোষণা করা হয়। হজ প্যাকেজ-১-এর খরচ ধরা হয়েছে ছয় লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) এর খরচ ধরা হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ৬৪৮ টাকা।