খুঁজুন
                               
, ,

অনুশীলনে ভারতের চরম অসহযোগিতা, হারিয়েই জবাব দেবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০:১২ পূর্বাহ্ণ
অনুশীলনে ভারতের চরম অসহযোগিতা, হারিয়েই জবাব দেবে বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হবে ঘাসের মাঠে। সে অনুযায়ী ঘাসের মাঠে অনুশীলনও করছে স্বাগতিক ভারত। কিন্তু সেই মাঠ পেতে গলদঘর্ম হতে হচ্ছে বাংলাদেশকে। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামের টার্ফে আগের দিন অর্থ খরচ করে অনুশীলন করেছে বাংলাদেশ। রোববারও সেখানে অনুশীলন করতে চাইলে শুরুতে নেহু গ্রাউন্ডে যেতে বলা হয়েছিল। এ নিয়ে ম্যানেজার আমের খান সকাল থেকে ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রতিনিধির সঙ্গে শিলংয়ে আলোচনা করেছেন। পরে তিনি জানান, ‘আমাদের টার্ফে অনুশীলন করার কথা। হঠাৎ তারা বলছে এখানে অনুশীলন করার সুযোগ নেই। সেই প্রথম দিনের মাঠে যেতে। এ নিয়ে দেনদরবার চলছে।’

পরে অনুশীলনের মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ম্যানেজার বলেন, ‘এখানে না আসলে বুঝবেন না মাঠ নিয়ে ভোগান্তি কেমন হয়েছে। একবার বলে ছয়টা, আবার বলে চারটা। আমরা লাঞ্চ করব কখন, আর অনুশীলন করবই বা কখন। হোটেল থেকে এক ঘণ্টার দূরত্বের সেই মাঠে কেনই বা যাব আমরা। টার্ফ ব্যবহার করতে টাকা দিতে হয়েছে। তারপরও যেতে সময় লাগছে। অবশেষে শেষ মুহূর্তে এসে টার্ফের মাঠ দিয়েছে ওরা। তবে আমাদের ফ্লাডলাইটে অনুশীলন করা হয়নি।’ শিলংয়ের আবহাওয়া নিয়ে সমস্যা হওয়ার কথা নয় বলে জানান আমের, ‘এত প্রতিকূলতার মধ্যেও আমাদের খেলতে হবে, সেই প্রস্তুতি নিয়েই এসেছি। সৌদি আরবের তায়েফে যে ঠান্ডা ছিল, এখানেও প্রায় একই। তাই কন্ডিশনের সঙ্গে আমরা মানিয়ে নিয়েছি বলা যায়।’ ভারতের আক্রমণভাগকে রুখে দিতে প্রস্তুত হচ্ছেন ডিফেন্ডার তপু বর্মণ। কাল অনুশীলন শেষে সেই দায়িত্বের কথা নিজেই জানালেন তিনি, ‘ভারতের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। তবে এই ম্যাচ ভিন্ন। কারণ অনেক হাইপ উঠেছে এই ম্যাচ ঘিরে। দেশের ফুটবল সমর্থকরা সবাই তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। বড় দায়িত্ব থাকবে আমার ওপর। গোল হজম না করাই থাকবে লক্ষ্য। পাশাপাশি সঙ্গে দলকে উজ্জীবিত করতে হবে। লক্ষ্য থাকবে আমার সঙ্গে যে তিনজন থাকবে, তাদের নিয়ে একটা ভালো ফাইট দেওয়া এবং গোল হজম না করা।’

প্রতিপক্ষ ভারতের ফুটবলারদের নিয়ে তপুর কথা, ‘ভারত সবসময়ই ভালো দল। আইএসএলে তাদের ফুটবলাররা খেলে থাকে। বদলি খেলোয়াড়রাও ভালো। তবে সুনিল ছেত্রী অবসর নেওয়ার পর থেকে ভারত আর ম্যাচ জেতেনি। আমরা বুঝতেই পারছি ভারতীয় দলে সুনিল ছেত্রীর গুরুত্ব কতটা। সে ফেরার পর আবার ভারত ম্যাচ জিতেছে। আমাদের সুনিলকে নিয়ে বাড়তি পরিকল্পনা রাখতেই হবে।’ দলের নতুন সুপারস্টার হামজা চৌধুরীকে নিয়ে বেশ উৎফুল্ল তপু বর্মণ, ‘হামজা আমাদের প্রত্যেকের সঙ্গেই বেশ ভালো ভাবে মিশেছে। সবার সঙ্গেই খুবই ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি সবসময় তার কাছ থেকে শেখার চেষ্টা করি।’ ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী ফরোয়ার্ড মো. ইব্রাহিমও। তার কথা, ‘দলের সবার অবস্থা ভালো। অনেকদিন পরে জাতীয় দলে ফিরেছি। সেরা একাদশে থাকতে পারলে অবশ্যই ভালো লাগবে। বদলি হিসাবে নামলেও ভালো খেলার চেষ্টা থাকবে। আসলে সব জায়গায় প্রতিযোগিতা থাকবে, সেই চ্যালেঞ্জ নিয়েই এতদূর আসা।’

সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব ধরনের সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন সব ধরনের সুবিধা পাবেন। তার নিরাপত্তার জন্য এসএসএফ ও পিজিআরসহ ছয় মাসের একটি বিধান রয়েছে। এ ছাড়া পুলিশ ও অন্যান্য সংস্থার পক্ষ থেকেও তার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আইন অনুযায়ী যেসব সুবিধা প্রাপ্য, সেগুলোর সবই তিনি পাবেন। মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সংকটময় সময়ে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুযায়ীই তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি।
তিনি বলেন, সেই সময় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক সুরক্ষা (প্রিভিলেজ) ভোগ করতেন। ফলে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে বা এ-সংক্রান্ত বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না। তবে এর বাইরে কোনো সময়ের বক্তব্য নিয়ে কেউ মতামত দিলে, সেটি তাদের স্বাধীনতা। কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় সেখানে দেখিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তাদের সে অধিকার রয়েছে। গণঅভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ছিল, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, সেটি রয়েছে। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে। তবে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে নেই।

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আজ (বুধবার, ২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত! অনুমোদিত নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ‘বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প’। ১ হাজার ৪৯২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পটি ২০২৬ সালের এপ্রিল থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে তিন জেলার গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ের ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ অনুমোদন দেয়া হয়েছে। জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় ৯১ হাজার ৫৬০ কিলোমিটার পল্লী সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হবে। পাশাপাশি পরিবারপ্রধান ৪৫ হাজার ৭৮০ জন দুঃস্থ নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি (বাপেক্স) এবং পেট্রোবাংলার উদ্যোগে ৭২৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ের ‘১টি মূল্যায়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২) খনন’ প্রকল্পও অনুমোদন পেয়েছে। প্রকল্পটি সরকারি ও সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে।

সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

বেসরকারিভাবে হজ পালনে ৩ প্যাকেজ ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
বেসরকারিভাবে হজ পালনে ৩ প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্যাকেজগুলোর ঘোষণা দেন। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি ব্যবস্থাপনায় এবার খাওয়া ও কোরবানিসহ তিনটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ প্যাকেজের খরচ রাখা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
হাব জানায়, তিনটি প্যাকেজের মধ্যে বিশেষ প্যাকেজ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজ ৫ লাখ ৯৫ হাজার টাকা ও সাশ্রয়ী প্যাকেজ ৫ লাখ ১৩ হজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজের খরচ ৫ লাখ ২৩ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে এবার সাশ্রয়ী প্যাকেজের ব্যয় বেড়েছে ৩ হাজার ৫৪৫ টাকা। আর সাধারণ প্যাকেজের ব্যয় ৫ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৭ হাজার টাকা বেশি। এ ছাড়া বিশেষ হজ প্যাকেজে ব্যয় বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ২টি প্যাকেজ ঘোষণা করা হয়। হজ প্যাকেজ-১-এর খরচ ধরা হয়েছে ছয় লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) এর খরচ ধরা হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ৬৪৮ টাকা।