খুঁজুন
                               
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

এশিয়া কাপে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ
এশিয়া কাপে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। তারও বহু বছর আগে ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে কিউইদের কাছে হেরেছিল তারা। এই দুটি হারের বদলা নিয়ে ফেললো রোহিত শর্মারা। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে শোধ তোলার মোক্ষম সুযোগ হাতছাড়া করেনি তারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্নায়ুচাপ ধরে রেখে ফাইনালে কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ৯ মাসের মধ্যে দ্বিতীয় আইসিসি ইভেন্টের ট্রফি জিতলো মেন ইন ব্লুরা। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জিততে না পারার আক্ষেপও যেন ঘুচলো।

২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে যৌথভাবে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তার ১১ বছর পর ইংল্যান্ডকে হারিয়ে ২০১৩ সালে শিরোপা জেতে তারা। এবার এক যুগ পর তারা হাতে নিলো তৃতীয় ট্রফি।

লক্ষ্যটা ছিল ২৫২ রানের। শুরুটাও ছিল দারুণ। অধিনায়ক রোহিত শর্মা প্রথম থেকে হাত খুলে খেললেন। ইনিংসের দ্বিতীয় বলে কাইল জেমিসনকে ছক্কা মারেন ভারতের ওপেনার। একই আগ্রাসী মনোভাব নিয়ে খেলে গেছেন তিনি আরও লম্বা সময়। ১১তম ওভারে ৪১ বলে করে ফেলেন হাফ সেঞ্চুরি। শুবমান গিলের সঙ্গে ১০৫ রানের জুটি ছিল তার। এরপরই হঠাৎ ছন্দপতন।

বিনা উইকেটে ১০৫ রান করা ভারত ১২২ রানে হারায় তিন উইকেট। গিল, বিরাট কোহলির পর রোহিতও মাঠ ছাড়েন। ১৯তম ওভারে মিচেল স্যান্টনারের শিকার হন গিল, করেন ৩১ রান। কোহলি ২ বল খেলে এক রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হন। রোহিতকে ৭৬ রানে ফেরান রাচিন রবীন্দ্র। এই বিপর্যয়ের রেশ বেশিক্ষণ থাকেনি।

তারপর ক্রিজে নেমে শ্রেয়াস আইয়ার ওই ধাক্কা সামলে নেন। অক্ষর প্যাটেলের সঙ্গে ৬১ রানের দারুণ জুটি গড়েন তিনি। লং অনে ৪৬ রানে জেমিসনের হাতে জীবন পেয়ে নিউজিল্যান্ডকে আক্ষেপে ভাসান শ্রেয়াস। তবে ৩৯তম ওভারে তাকে থামতে হয়েছে। ৪৮ রানে মিচেল স্যান্টনারের বলে রাচিন রবীন্দ্রর ক্যাচ হন শ্রেয়াস। কিছুক্ষণ পর অক্ষরও ২৯ রানে ব্রেসওয়েলের শিকার হলে উত্তেজনা তৈরি হয়।

তবে হার্দিক পান্ডিয়াকে নিয়ে লোকেশ রাহুল আক্রমণাত্মক জুটিতে দলকে জয়ের পথে রাখেন। লক্ষ্য থেকে ১১ রান দূরে থাকতে হার্দিক ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন। জেমিসনকে ফিরতি ক্যাচ তুলে দেন তিনি। কিছুটা বিচলিত হয়ে পড়ে ভারতের ড্রেসিংরুরম। তবে পথ হারায়নি মেন ইন ব্লুরা। রবীন্দ্র জাদেজা ও রাহুল মিলে এক ওভার হাতে রেখে দলকে জেতান। ৪৯তম ওভারের শেষ বলে চার মেরে ভারতকে শিরোপা জয়ের আনন্দে ভাসান জাদেজা। ৬ উইকেটে ২৫৪ রান করে ভারত। ৩৪ রানে রাহুল ও ৯ রানে জাদেজা অপরাজিত ছিলেন।

এর আগে ওপেনিংয়ে ৫৭ রান করা নিউজিল্যান্ড মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে।

ম্যাচসেরা হয়েছেন রোহিত। ২৬৩ রান করার পাশাপাশি তিন উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নিউজিল্যান্ডের রাচিন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ)  বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য। সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খানের নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।
১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। সূত্র : সিএনএন, এক্সিওস

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরানের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি; তবে ইসরায়েল কাৎজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। সাইরেন বাজানোর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য সক্রিয় সতর্কতা।”

মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ২৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশের ভারসোভা বিভাগ ও মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৫০ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের প্রথম দুই মাসেই শুধুমাত্র মুম্বাই শহর থেকে ১১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অবৈধ প্রবেশ এবং শহরে থাকার ব্যবস্থার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করার কাজও চলছে। এর আগে সপ্তাহের শুরুতে ভিলে পার্লে এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে মীরা ভায়ান্ডার ওই বাসিন্দাকে, যিনি প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ, তাকে নির্বাসিত করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বাইতে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৩৮ জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৭ জনকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে। এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, শুধুমাত্র ২০২৫ সালেই এক হাজার ১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছরে ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।