খুঁজুন
                               
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

১১মাস পরে পুঁজিবাজারে বড় উত্থান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ
১১মাস পরে পুঁজিবাজারে বড় উত্থান

পুঁজিবাজারে আজ সোমবার (৭ জুলাই) বড় ধরনের উত্থান লক্ষ্য করা গেছে। দীর্ঘ ১১ মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স’র বড় উত্থান দেখা গেছে। এতে করে বিনিয়োগকারীরা পুঁজিবাজার নিয়ে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন। আজ ডিএসইএক্স সূচক ৮২ পয়েন্টের বেশি বেড়েছে। এই উত্থানকে বাজারসংশ্লিষ্টরা একটি বড় চমক হিসেবে দেখছেন।

২০২৪ সালে ৭ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ডিএসই সূচকে দুটি উল্লেখযোগ্য উত্থান দেখা গিয়েছিল। পরদিন ৮ আগস্ট ডিএসইএক্স সূচক ৩০৬ পয়েন্ট বেড়ে লেনদেন হয়, যা ২০১৩ সালে সূচকটি চালু হওয়ার পর একদিনে সর্বোচ্চ উত্থান। তিনদিন পর ১১ আগস্ট সূচক আরও ৯১ পয়েন্ট বৃদ্ধি পায়। তারপর থেকে ডিএসই সূচকে এমন বড় উত্থান আর দেখা যায়নি। দীর্ঘ ১১ মাস পর আজ আবার বড় উত্থান দেখা গেল, যা বাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি লেনদেনেও ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। এদিন ডিএসইতে ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত ৫ মে ডিএসইতে  ৫৮৪ কোটি ২ লাখ টাকা লেনদেন হয়েছিল। এটি বাজারে তারল্য বৃদ্ধির সুস্পষ্ট ইঙ্গিত। বিনিয়োগকারীরা এখন সক্রিয়ভাবে ভালো শেয়ারে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন।

আজকের এই বড় উত্থানের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে ব্যাংক খাত। দীর্ঘদিন পরে ব্যাংক খাত গা ঝাড়া দিয়েছে উঠেছে। বিক্রেতা সংকটে পড়ে অনেক ব্যাংকের শেয়ার ‘হল্টেড’ হয়ে গেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, রূপালী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের মতো দুর্বল ব্যাংকগুলোও রয়েছে। এই বিক্রেতা সংকট নির্দেশ করে, বিনিয়োগকারীরা ব্যাংক খাতের শেয়ার ধরে রাখতে আগ্রহী। কারণ তারা এই খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদী।

দীর্ঘদিনের মন্দা কাটিয়ে বাজার ঘুরে দাঁড়াচ্ছে- আজকের লেনদেন এমন ইঙ্গিত ই দিচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং ব্যাংক খাতের শক্তিশালী পারফরম্যান্স আগামীদিনে বাজারের জন্য ভালো কিছু নিয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮২.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৬.১৬ পয়েন্টে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৭ এপ্রিল ডিএসইর সূচক ছিল ৪ হাজার ৯৯৫.৪৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৫.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১.১৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৬.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৭৮টি বা ৯৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে, ৭৩টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত ছিল। আজ ব্যাংক খাতের একক প্রাধান্য ছিল। এ খাতের কোন কোম্পানি দরপতনে ছিল না। এ খাতে লেনদেন হয় ১৫০ কোটি টাকা। সূচকের বড় উত্থানে মূল ভূমিকায় ছিল ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ইসলামি ব্যাংক, সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক। প্রায় ৩৮ কোটি টাকা লেনদেন হয়ে ব্রাক ব্যাংক লেনদেনের শীর্ষে অবস্থান করে।

ডিএসইতে আজ ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেন হয়েছিল ৫০৬ কোটি ১৬ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৬৭ কোটি ২৭ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৪৭টির এবং পরিবর্তন হয়নি ২৭টির দর। সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১২.২০ পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে ১১৩ পয়েন্ট।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ)  বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য। সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খানের নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।
১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। সূত্র : সিএনএন, এক্সিওস

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরানের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি; তবে ইসরায়েল কাৎজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। সাইরেন বাজানোর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য সক্রিয় সতর্কতা।”

মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ২৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশের ভারসোভা বিভাগ ও মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৫০ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের প্রথম দুই মাসেই শুধুমাত্র মুম্বাই শহর থেকে ১১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অবৈধ প্রবেশ এবং শহরে থাকার ব্যবস্থার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করার কাজও চলছে। এর আগে সপ্তাহের শুরুতে ভিলে পার্লে এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে মীরা ভায়ান্ডার ওই বাসিন্দাকে, যিনি প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ, তাকে নির্বাসিত করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বাইতে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৩৮ জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৭ জনকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে। এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, শুধুমাত্র ২০২৫ সালেই এক হাজার ১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছরে ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।