খুঁজুন
                               
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ, ১৪৩৩

রবীন্দ্রনাথ : ধর্ম প্রকৃতি প্রেম ও সাহিত্যের আধুনিকায়ন

সামীম আহমেদ খান
প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫, ৮:৪৬ পূর্বাহ্ণ
রবীন্দ্রনাথ : ধর্ম প্রকৃতি প্রেম ও সাহিত্যের আধুনিকায়ন

প্রচলিত ধারণা অনুযায়ী ‘রোমান্টিক’ শব্দটির আবির্ভাব হয়েছে ফরাসী শব্দ ‘রোমাঞ্চ’ থেকে। এর অর্থ হলো লাতিন শব্দের পরিবর্তে গ্রাম্য কথ্যভাষায় রচনা করা। ১৭৪৮ সালে রোমান্টিক শব্দটি একাডেমী কর্তৃক স্বীকৃত হয়। এক অর্থে স্প্যানিশ একটি ছন্দের নাম ‘রোমাঞ্চ’। রোমান্টিক শব্দের মধ্যেই নিহিত রয়েছে তার স্বরূপ। রোমান্টিক ভাষার মধ্যে প্রাণ-প্রাচুর্যের কল-কল্লোল ও কলরব শোনা যায়। অর্থাৎ ভাষা তার অলঙ্করণে সজ্জিত হয়ে আড়ষ্টতা থেকে মুক্তি পায়। প্রচলিত ছন্দের বন্ধন ভেঙ্গে ছন্দের নব নব সৃষ্টি ভাষাকে করে তোলে চঞ্চল, প্রবহমান ও গতিমুখর।
বাংলা সাহিত্যের রোমান্টিক গাঁথা কাব্যের অন্যতম প্রবর্তক অক্ষয়চন্দ্র চৌধুরী ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বন্ধু ও দ্বিজন সভার মধ্যমণি। রবীন্দ্রনাথ ১৮৭৫ খ্রিস্টাব্দের কাছাকাছি অক্ষয় চৌধুরীর সান্নিধ্যে আসেন। তাঁরই প্রেরণায় রবীন্দ্রনাথ বালক বয়সে সেকালের ইংরেজি কবিতা বাংলায় অনুবাদ করেন। তিনি ছিলেন রবীন্দ্র প্রতিভার একজন সহৃদয় আলোচক ও অন্তরঙ্গ উৎসাহদাতা।

কবিগুরু রবীন্দ্রনাথের গীতিময় জীবনের বিশুদ্ধ সৌন্দর্যবাদী অভিজ্ঞান তাঁর চিত্ত-চেতনা ও সংস্কারে যে দূর সঞ্চারী প্রবর্তনা এনেছিলো তা আমাদের বাংলা সাহিত্যে এক গভীরতম প্রাণের উচ্ছ্বাস।

১৯১৩ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন তাঁর সৃজনশীল সাহিত্য কর্মের জন্য নোবেল পুরস্কার পেলেন, তখন তিনি ছিলেন পাশ্চাত্যে প্রায় অপরিচিত। পাশ্চাত্যের সাহিত্যজগত তখনও কবি রবী ঠাকুরের সাহিত্য কর্মের সাথে পরিচিত হয় নি। এমনকি তাঁর নামটি বড় সংবাদপত্রগুলো ঠিক করে লিখতে পারেনি। কোনো কোনো বহুল প্রচারিত সংবাদপত্র ‘রবীন্দ্রনাথ’ নামের পরিবর্তে লিখেছিলো ‘বাবীন্দ্রনাথ’ এমনকি ‘হিন্দু কবি’ ‘অশ্বেতাঙ্গ’ এসব শব্দ ব্যবহার করে চমক সৃষ্টি করার চেষ্টা করেছিলো। নোবেল পুরস্কার ঘোষণার পর পরই ‘The New York Times’ ১৯১৩ সালের ১৪ নভেম্বর ঠিক এভাবে লেখে : NOBEL PRIZE GIVEN TO A HINDU POET. This years literature award conferred on Babindranath Tagore of Bengal. Created a furore in Europe.

এটি বিস্ময়কর হলেও সত্য যে, সমগ্র ইউরোপ ও আমেরিকায় কবি রবীন্দ্রনাথ অপরিচিত থাকলেও সুইডিশ সোসাইটিতে তিনি অপরিচিত ছিলেন না। ১৯১১ সালের শুরু থেকেই সুইডিশ সোসাইটি তাঁর সাহিত্য বিষয়ে আগ্রহ প্রকাশ করে। আবার দুঃখজনক হলেও সত্যি, ১৯৬৪ সালের পর থেকে রবীন্দ্রনাথের কোনো সাহিত্যকর্ম আর সুইডিশ ভাষায় প্রকাশিত হয়নি। বিশিষ্ট কোনো সুইডিশ লেখক বা সুইডেনে বসবাসরত বাঙালিরাও এরকম কোনো উদ্যোগ গ্রহণ করেননি। কিন্তু আমাদের বাংলা সাহিত্যে কবিগুরু রবীন্দ্রনাথের সংবেদনশীলতা, কল্পনাবৃত্তির নিগূঢ়তা, উদ্ভাবন ক্ষমতা ও অনুভূতির অন্তর্মুখিতা রোমান্টিক জীবন দৃষ্টিসম্পন্ন।

১৯ শতকের ইংরেজি সাহিত্যের রোমান্টিক সৌরজগতের অন্যতম কবি শেলী। মসৃণ ছিলো না তাঁর জীবনের গতিপথ। দুস্তর প্রস্তরময় সমাজের কঠিন মৃত্তিকার ওপর দিয়ে তিনি জীবনের যাত্রা শুরু করেছিলেন। রবীন্দ্রনাথের আবির্ভাবও ঊনিশ শতকের নবজাগরণের শিল্পগৌরবে দীপ্তালোকে উদ্ভাসিত। যখন ইংরেজি সাহিত্যের রোমান্টিকতার প্লাবন বয়ে যাচ্ছে, ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের কর্মীপুরুষ রামমোহন রায়ের বিশুদ্ধ ব্রাহ্মধর্ম সম্পর্কে শিষ্যত্ব বরণ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি হিন্দু ধর্মের বাহ্য আচার-আচরণ আর প্রাণহীন প্রথার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। হিন্দু ধর্মের নিষ্প্রাণ হৃদয়হীন আচারের নির্দয়-নিষ্ঠুরতাকে উপেক্ষা করে তিনি প্রাচ্যের বিশ্বমানব প্রেম ধর্মকে পাথেয় করেছিলেন। তাই রবী ঠাকুর বলেছেন, ‘আমার পরিবার আমার জন্মের পূর্বেই সমাজের নোঙর তুলে দূরে বাঁধা ঘাটের বাহিরে এসে ভিড়েছিলো। আচার-অনুশাসন, ক্রিয়া-কর্ম সেখানে সমস্তই বিরল।’

কবিগুরু রবীন্দ্রনাথের ধ্যান সৃষ্টির জীবন চেতনায় দেবেন্দ্রনাথ ছিলেন অগ্রণী ভূমিকায়। শান্তম, শিবম, সুন্দরম সাধনায় রবীন্দ্রনাথের সিদ্ধিলাভ হয়েছিলো মহর্ষি দেবেন্দ্রনাথের নির্দেশে। তাই রবীন্দ্রনাথের যৌবনধর্মে কোথাও অসংযত ভাবাবেগের প্রকাশ নেই।

কিন্তু শেলী সমাজের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। নতুন সৃষ্টির অদম্য নেশায় পুরাতনকে অস্বীকার করেছেন। ধর্মতন্ত্রের সামাজিক বিধি-নিষেদের প্রতি তাঁর ছিলো তীব্র অনীহা এবং এক পর্যায়ে তিনি বিদ্রোহ করেছেন। আঘাত করেছেন ইউরোপীয় সমাজের অচলায়তনকে। অস্বীকার করেছেন ঈশ্বরের স্বীকৃতিকে। কিন্তু ইংরেজ সমাজ শেলীকে ক্ষমা করেনি। ‘নাস্তিক’ আখ্যায় ভূষিত করে শেলীকে ইংল্যান্ডের মাটি থেকে বিতাড়িত করে নির্বাসন দিয়েছিলো তৎকালীন সঙ্কীর্ণ বুদ্ধির পরিচায়ক ইংরেজ সমাজ। কবি রবীন্দ্রনাথ শেলীর মতো চিরায়ত প্রথার বিরুদ্ধে বিদ্রোহী হতে পারেননি। কেননা আধ্যাত্মিক সাধনায় কবিকে দুঃসাহসিকতার পরিবর্তে চিন্তাশীল হতে বাধ্য করেছে। দুর্জয়ের জয়মাল্য কবির জ্ঞানলোকের পরিধিকে যতই পুষ্পার্ঘ্যে পূর্ণ করুক না কেনো তবু রুদ্র সন্ন্যাসী শ্মশানের বৈরাগ্যবিলাসী। তাই রবীন্দ্রনাথ হিন্দুধর্মের তথাকথিত প্রাণহীন আচার অনুষ্ঠানকে আঘাত হেনেছেন, কিন্তু ধর্ম বা ধর্মতন্ত্রের বিরুদ্ধে নয়।

রবীন্দ্রনাথের প্রাচ্য ও পাশ্চাত্য, সসীম ও অসীম, খণ্ড ও অখণ্ড, বিশেষ ও নির্বিশেষ, স্থায়িত্ব ও অস্থায়িত্ব, অহং ও আত্মা, স্বাতন্ত্র্য ও মিলন, সংসার-অনুরাগ ও সংসার বিরাগ এবং প্রাপ্তি ও ত্যাগ তথা সামাজিক ও আধ্যাত্মিক সকল বিষয়ে যে অন্তরঙ্গ মিল খুঁজে পাওয়া যায় তা রবীন্দ্র বোধের চালিকাশক্তি এবং আমাদের প্রকাশরীতির আলাদা আলাদা ক্ষেত্র।

ঊনবিংশ শতাব্দীর ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের মধ্যাহ্নক্ষণে সে যুগের সর্বকনিষ্ঠ কবি জন কীটস-এর আবির্ভাব। ১৭৯৫ খ্রিস্টাব্দে ২৯ অক্টোবর এক দরিদ্র পরিবারে কীটসের জন্ম। জন্মের পর থেকেই তার চারদিক ঘিরে দুঃখের জমাট আঁধার। কীটস আত্মশক্তির অন্তর্গত প্রেরণাকে সৌন্দর্য সৃষ্টির মূলমন্ত্র মনে করেন। ফরাসী বিপ্লবের কোনো প্রভাব কীটসের মধ্যে পরিলক্ষিত হয়নি। তিনি নবজাগরণের বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টি করেছেন আত্মশক্তির মহিমায়। কিন্তু সমাজ সংস্কারে তাঁর তেমন প্রভাব নেই। তিনি কোনো দর্শনকে কাব্যের মধ্যে প্রচারমুখী করতেন না। অপরদিকে রবীন্দ্রনাথ সামাজিক গতি চেতনায় উদ্যমশীলতা, আত্মবিশ্বাস, নব্য সাংস্কৃতিক রুচিবোধ, বাঙালি মানসের জ্ঞান, কর্ম ও বিশুদ্ধ বুদ্ধিস্রোতে হৃদয়বৃত্তি তথা ভাবসম্পদকে সৌন্দর্য সৃষ্টির মূলমন্ত্র মনে করেন। রবীন্দ্রনাথ একটি শতাব্দীর জীবনের কাল-মহাকাল দেখেছেন। তাই তাঁর চেতনালোকে অভিজ্ঞতার পরিধি অসীম ও ব্যাপক এবং তাঁর সৃষ্টিও গভীর ও সীমাহীন।

কীটসের জীবন রবীন্দ্রনাথের মতো দীর্ঘ নয়। বাংলার ক্ষণজন্মা কবি সুকান্তের মতোই কীটস মাত্র ২৫ বছরের আয়ুষ্কালে জীবনের এক নিখুঁত সত্যকে আবিষ্কার করেছিলেন। রবীন্দ্রনাথ কীটসের মতো প্রেম ও রোমান্টিকতার অন্ধ আবেগে নিজেকে সঁপে দেননি। কবিগুরু বলেছেন, ‘এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়, এমনি মায়ার ছলনা।’ কবিগুরু রবীন্দ্রনাথের মধ্যে অত্যন্ত প্রগাঢ় যে সত্যটুকু বিরাজমান তা হলো তিনি বর্তমানের কবি এবং তিনি সচেতনতার কবি। বর্তমানকে তিনি মর্যাদা দিয়েছেন। ফলে অস্পষ্ট অতীত তার ক্ষণকালের ছায়া ফেলেছে মাত্র তাঁর অন্তর্লোকের সীমানায়। তিনি পরিপূর্ণ অতীত হতে পারেননি বা হননি। কবি বলেছেন :

‘আপাতত এই আনন্দে গর্বে বেড়াই নেচে কালিদাসতো নামেই আছেন আমি আছি বেঁচে।’

কবিগুরু রবীন্দ্রনাথ মানবপ্রেমের চারণ কবি। প্রকৃতিকে এক অন্তর্নিহিত নির্যাসশক্তি সৃষ্টিকর্তা দান করেন, যা পার্থক্য স্পষ্ট করে জড় বস্তু থেকে। জড় বস্তুর প্রকৃতি আদি-অনাদি একইরূপে প্রকাশিত। প্রকৃতির সৃষ্টিশীল ক্ষমতা নেই। মানুষ তার সৃষ্টিতে অমর। কবি বলেছেন :

‘পাখিরে দিয়েছো গান, গান সেই গান,

তার বেশি করে না সে দান

আমারে দিয়েছো স্বর, আমি তার বেশি

করি দান

আমি গাহি গান।’

বাংলার ঋতু পরিক্রমায় রবীঠাকুরের রোমান্টিকতার ইঙ্গিত পাওয়া যায়। প্রকৃতির সবকিছু খুঁটে খুঁটে নিবিড় আত্মীয়তা সৃষ্টি করা মানুষের পক্ষে সম্ভব হয়ে উঠে না, তবুও কবি জন্ম রোমান্টিক। দখিনা বাতাস, ফাগুনের আগুনমম, কোকিলের কুজন, পিয়ালের ছায়ায় পূর্ণিমা তিথি কবির অন্তরের গভীর দুয়ার যে রঙে রাঙিয়ে দিয়েছে তারই লালিমা স্মরণে কবি গাইলেন :

‘তব আমি জন্ম রোমান্টিক

আমি যেই পথের পথিক

যে পথ দেখায়ে চলে দখিনা বাতাসে

পাখির ইশারা যায় যে পথের অলক্ষ্য

আকাশে’।

লেখক : সামীম আহমেদ খান, সভাপতি, জাতীয় কবিতা পরিষদ, চাঁদপুর জেলা শাখা।

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই রোগে আক্রান্ত হয়ে আরও ৯টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হামজনিত কারণে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, বাকি ৮ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১০৫ জন শিশু ভর্তি হয়েছে এবং ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। এতে বোঝা যাচ্ছে রাজধানীতে সংক্রমণের হার ও তীব্রতা সবথেকে বেশি। গত এক মাসে মোট ১৮,২৩১ জন শিশু উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯,৩০৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাব ক্রমান্বয়ে জটিল আকার ধারণ করছে। বিশেষ করে উপসর্গ নিয়ে
শিশুদের শরীরে জ্বর ও লালচে দানা দেখা দিলে কালক্ষেপণ না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ঢাকা বিভাগের বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

অপরিশোধিত তেলের অভাবে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
অপরিশোধিত তেলের অভাবে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ

অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) মজুদ শেষ হয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ করে দিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেল থেকে চট্টগ্রামের এই কারখানাটিতে পরিশোধন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইআরএল কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শোধনাগারটি সচল রাখতে গত কয়েকদিন ধরে বিকল্প সব পথ অবলম্বন করা হয়েছিল:
মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন এবং চারটি স্টোরেজ ট্যাংকের তলানিতে থাকা ‘ডেড স্টক’ তুলেও পরিশোধন কাজ চালানো হয়। স্বাভাবিক সময়ে দৈনিক ৪,৫০০ টন তেল পরিশোধন করলেও, সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে ৩,৫০০ টনে নামিয়ে আনা হয়েছিল। গত ৪ মার্চ থেকেই ব্যবহারযোগ্য তেলের মজুদ ২ হাজার টনের নিচে নেমে আসে, যা একটি শোধনাগার চালানোর জন্য একেবারেই অপর্যাপ্ত।
প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ায় দেশে জ্বালানি সংকট তৈরি হবে কি না—এমন উদ্বেগের মুখে জ্বালানি বিভাগ আশ্বস্ত করে জানয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ইআরএল বন্ধ থাকলেও জাতীয় সরবরাহ ব্যবস্থায় বা বাজারে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
উদ্ভূত পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত এবং বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যমতে, দেশে বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর একটি বড় অংশই আমদানিকৃত পরিশোধিত তেল দিয়ে মেটানো হলেও, অভ্যন্তরীণভাবে তেল পরিশোধনের একমাত্র উৎসটি বন্ধ হয়ে যাওয়া দীর্ঘমেয়াদে উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্ষবরণে বৈচিত্র্যের মাঝে ঐক্যের সন্ধান

উজ্জ্বল হোসাইন
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
বর্ষবরণে বৈচিত্র্যের মাঝে ঐক্যের সন্ধান

ভিন্নতা মুছে ফেলার চেষ্টা মানেই প্রকৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। এই পৃথিবীর অন্তর্নিহিত সৌন্দর্য তার বৈচিত্র্যে-রঙে, রূপে, ভাষায়, বিশ্বাসে এবং চিন্তার বহুমাত্রিকতায়। মানুষে মানুষে পার্থক্যই পৃথিবীকে জীবন্ত করে তোলে, তাকে দেয় গভীরতা ও বিস্ময়ের অনন্ত সম্ভাবনা। যদি সবকিছু একরকম হয়ে যেত, তবে জীবন হয়ে উঠত নিস্তরঙ্গ, সৃষ্টিশীলতা হারিয়ে ফেলত তার আলো। বৈচিত্র্য আমাদের শুধু আলাদা করে না, বরং আমাদের শেখায় সহনশীলতা, পারস্পরিক সম্মান এবং নতুনকে গ্রহণ করার সাহস। তাই ভিন্নতাকে মুছে ফেলার বদলে তাকে গ্রহণ ও লালন করাই মানবিকতার প্রকৃত পরিচয়।
এই ভাবনার মাঝেই আসে বাংলা নববর্ষ, নতুন সূচনার বার্তা নিয়ে। পুরোনোকে পেছনে ফেলে নতুনের আহ্বান জানায় এই উৎসব। রঙিন পহেলা বৈশাখে মানুষ যখন আনন্দে মেতে ওঠে, ঘরে ঘরে সাজে উৎসবের আবহ, তখন এই আনন্দ যেন সার্বজনীন হওয়ার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। সমাজের একাংশে যখন উৎসবের রং ছড়ায়, অন্য প্রান্তে তখন জমে ওঠে শোক, বেদনা আর হতাশার কালো ছায়া। যেন উৎসবের আলো কোথাও গিয়ে আটকে যায় বিভাজন, অসহিষ্ণুতা এবং সহিংসতার দেয়ালে।
সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা আমাদের সেই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল মানুষ পীর শামীম রেজা জাহাঙ্গীরকে নির্মমভাবে হত্যা করেছে। মৃত্যুর আগে বারবার নিজের কথা বলার সুযোগ চেয়েছিলেন তিনি, কিন্তু সেই মানবিক আবেদন হারিয়ে যায় উন্মত্ত জনতার চিৎকারে। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়; এটি আমাদের সমাজে বেড়ে ওঠা অসহিষ্ণুতার এক নগ্ন প্রতিচ্ছবি।
এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং একটি বৃহত্তর প্রবণতার অংশ। আমাদের সমাজে ক্রমেই একমুখী চিন্তা ও মতের প্রাধান্য বাড়ছে। বহুত্ববাদ, যা একটি সুস্থ সমাজের ভিত্তি, তা ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। ফলে ভিন্নমত প্রকাশ করলেই মানুষকে সন্দেহের চোখে দেখা হচ্ছে, তাকে শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই প্রবণতা শুধু ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং একটি জাতির গণতান্ত্রিক ভিত্তিকেও দুর্বল করে।
গণতন্ত্রের মূল শক্তি হলো মতের ভিন্নতা এবং সেই ভিন্নতার সহাবস্থান। কিন্তু বাস্তবে আমরা দেখছি, ভিন্নমতকে ক্রমেই দমন করা হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা কেবল সংবিধানের পাতায় সীমাবদ্ধ থেকে যাচ্ছে, বাস্তব জীবনে তা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। মানুষ নিজের মত প্রকাশে ভয় পাচ্ছে, দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। এই ভয়ের সংস্কৃতি একটি সুস্থ সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ এটি সৃষ্টিশীলতা ও উদ্ভাবনের পথ রুদ্ধ করে।
স্বাধীনতার ৫৫ বছর পূর্তি উদযাপনের পর এই প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে-আমরা কি সেই আদর্শের পথে আছি, যার জন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল? ১৯৭১ সালের সংগ্রাম শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের লড়াই ছিল না; এটি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সহাবস্থানের এক স্বপ্ন। কিন্তু আজকের বাস্তবতায় সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে? আমরা কি সত্যিই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পেরেছি, নাকি ক্রমশ সরে যাচ্ছি সেই পথ থেকে?

বাংলাদেশের রাজনীতিতে সংকীর্ণতা নতুন নয়। সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ বদলেছে, কিন্তু চরিত্রে খুব একটা পরিবর্তন আসেনি। সাম্প্রতিক সময়ে এই সংকীর্ণতা আরও তীব্র হয়েছে। ভিন্নমতকে দমন করার প্রবণতা বেড়েছে, আর রাজনীতি হয়ে উঠেছে বিভাজনের হাতিয়ার। প্রতিযোগিতামূলক গণতন্ত্রের নামে সমাজকে আরও বিভক্ত করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে একটি জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর।
রাজনীতিকরা প্রায়ই ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং শান্তির কথা বলেন। কিন্তু সেই কথাগুলো অনেক সময়ই বাস্তব উদ্যোগের অভাবে ফাঁপা বাণীতে পরিণত হয়। যখন আদর্শ ও নৈতিকতার চেয়ে ক্ষমতার স্বার্থ বড় হয়ে ওঠে, তখন গণতন্ত্র তার প্রকৃত অর্থ হারায়। সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, আর সংখ্যালঘু বা ভিন্নমতের কণ্ঠস্বর হারিয়ে যায় কোলাহলের ভিড়ে।
এই বাস্তবতায় আমাদের নতুন করে ভাবতে হবে-আমরা কেমন সমাজ চাই? এমন একটি সমাজ, যেখানে ভিন্নমত দমন করা হবে, নাকি এমন একটি সমাজ, যেখানে মতের ভিন্নতা থাকবে, কিন্তু সহাবস্থানও নিশ্চিত হবে? বৈচিত্র্যকে ভয় পেলে আমরা নিজেরাই নিজেদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে ফেলব।
সহনশীলতা ফিরিয়ে আনতে হলে শুধু আইন বা শাস্তি যথেষ্ট নয়। প্রয়োজন মানসিকতার পরিবর্তন। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মকে শেখাতে হবে ভিন্নতাকে সম্মান করার গুরুত্ব। সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধের মাধ্যমেও এই শিক্ষা ছড়িয়ে দিতে হবে। ধর্ম, ভাষা বা মতের পার্থক্য নয়-মানুষ হিসেবে আমাদের অভিন্ন পরিচয়ই হওয়া উচিত সবচেয়ে বড় ভিত্তি।

বাংলা নববর্ষের এই সময় তাই শুধু আনন্দের নয়, আত্মসমালোচনারও। নতুন বছরের শুরুতে আমাদের অঙ্গীকার হওয়া উচিত, আমরা বৈচিত্র্যকে রক্ষা করব, সহনশীলতাকে শক্তিশালী করব এবং একটি মানবিক সমাজ গড়ে তুলব। কারণ একটি দেশের উন্নয়ন কেবল অর্থনৈতিক সূচকে মাপা যায় না; তা মাপা যায় মানুষের মধ্যে পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং সহাবস্থানের মানদণ্ডে।
নতুন বছরের সূচনায় তাই প্রত্যাশা একটাই – বৈচিত্র্যের মাঝে ঐক্য, বিভেদের মাঝে সহমর্মিতা, আর সংঘাতের বদলে সহাবস্থানের এক নতুন বাংলাদেশ।
রূপসী বাংলার সকল পাঠক-কে শুভ নববর্ষ।