খুঁজুন
                               
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি’, প্রেম নিয়ে জয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১০:২০ পূর্বাহ্ণ
‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি’, প্রেম নিয়ে জয়া

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন জয়া আহসান। ঈদের ‘তাণ্ডব’, ‘উৎসব’-এর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুই সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সিনেমার প্রচার উপলক্ষে বাংলাদেশি অভিনেত্রী কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা ছাড়াও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা বিস্তারিত জানিয়েছেন। এ ছাড়া জানিয়েছেন বিয়ে নিয়ে ভাবনা। আপনার জীবনে বিশেষ কেউ আছেন কি না—সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’ নাম না বললেও জয়া জানান, তাঁর ‘বিশেষ মানুষ’ সিনেমা–দুনিয়ার কেউ নন। তবে সিনেমার কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন না, এটা তাঁর সচেতন সিদ্ধান্ত ছিল না। হয়ে গেছে।
তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর…। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়; সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি; এগুলো কিছু মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে। এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’ সঙ্গীর কোন একটা বিষয় পছন্দ করেন—এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘সে অনেক শান্ত।’ সঞ্চালক তখন বলেন, ‘আপনিও তো খুব শান্ত।’ জয়া তখন বলেন, ‘হ্যাঁ, সে জন্যই হয়তো আমি তাঁকে পছন্দ করেছি।’
বিশেষ মানুষকে বিয়ে করবেন কি না—এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা—এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।’ এরপর সঞ্চালক জানতে চান, ‘তাহলে কি আপনি বিয়ের জন্য তৈরি নন?’ জয়া বলেন, এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয়। তাঁর ভাষ্যে, ‘আমার আসলে একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে।’ এটা কি অতীত সম্পর্কের তিক্ততার জন্য—উত্তরে জয়া বলেন, ‘হতেই পারে। আমারও সেটাই মনে হয়।’
সাক্ষাৎকারে জয়া জানান, আরও কিছু সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে কথা চলছে। তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চান না।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ)  বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য। সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খানের নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।
১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। সূত্র : সিএনএন, এক্সিওস

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরানের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি; তবে ইসরায়েল কাৎজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। সাইরেন বাজানোর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য সক্রিয় সতর্কতা।”

মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ২৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশের ভারসোভা বিভাগ ও মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৫০ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের প্রথম দুই মাসেই শুধুমাত্র মুম্বাই শহর থেকে ১১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অবৈধ প্রবেশ এবং শহরে থাকার ব্যবস্থার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করার কাজও চলছে। এর আগে সপ্তাহের শুরুতে ভিলে পার্লে এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে মীরা ভায়ান্ডার ওই বাসিন্দাকে, যিনি প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ, তাকে নির্বাসিত করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বাইতে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৩৮ জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৭ জনকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে। এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, শুধুমাত্র ২০২৫ সালেই এক হাজার ১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছরে ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।