খুঁজুন
                               
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

অনুমোদন ছাড়াই অনিবাসীরা ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
অনুমোদন ছাড়াই অনিবাসীরা ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন

এখন থেকে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশি সরকারি-বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে অনিবাসীদের (এনআরবি) ১০ লাখ টাকা (৮ হাজার ২০১ ডলার) পর্যন্ত বিনিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না। সোমবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার ইস্যু করে সব অথরাইজড ডিলার ব্যাংককে তা পরিপালনের নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ক্ষুদ্র বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ সহজ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক এই ছাড় দিয়েছে। তবে ১০ লাখ টাকার বেশি বিনিয়োগে আগের মতোই কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে। তবে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ারের বিনিময়ে বাংলাদেশি কোম্পানিতে ১০ লাখ টাকার কম বিনিয়োগ করলে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকরা (এডি) প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করবেন। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন না হলেও সংশ্লিষ্ট ব্যাংক গ্রাহকের (বিনিয়োগকারী) আবেদনের কপি তাদের কাছে রাখবে এবং নির্ধারিত ফরম্যাটে বাংলাদেশ ব্যাংক ও বিনিয়োগকারীকে পাঠাবে।

সার্কুলারে আরও বলা হয়, শেয়ার ইস্যুর আগে বিদেশ থেকে আনা অর্থ অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসতে হবে। সহকারীরা পরিচালকরা সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে নিশ্চিত করবেন, এই বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স ইকুইটি বিনিয়োগের উদ্দেশ্যে আনা হয়েছে। যার অধীনে ব্যাংক ও গ্রাহক উভয়েই এনক্যাশমেন্ট সার্টিফিকেট সংরক্ষণ করবে। এছাড়া শেয়ারহোল্ডারদের এবং অর্থের উৎস দেশের বাসিন্দার স্ট্যাটাস সংশ্লিষ্ট নথিপত্র থেকে নিশ্চিত করা হবে। আমদানিকৃত মূলধনী যন্ত্রপাতির বিপরীতে শেয়ার ইস্যু করা হলে ব্যাংক আবেদনটি বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) সহজ করার এই উদ্যোগ এমন এক সময় এলো, যখন ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের নিট এফডিআই প্রবাহ ১১ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। এ সময়ে দেশে নিট এফডিআই ছিল মাত্র ১০৪ মিলিয়ন ডলার।  বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ে নিট এফডিআই প্রবাহ ছিল ৩৬১ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে নিট এফডিআই প্রবাহ ৭১ শতাংশ কমে গেছে। রাজনৈতিক অস্থিরতা এবং ছাত্র আন্দোলনজনিত বিশৃঙ্খলার মধ্যে শেখ হাসিনা বলা হচ্ছে, ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর উদ্ভূত রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এফডিআই প্রবাহ কমে গেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ)  বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য। সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খানের নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।
১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। সূত্র : সিএনএন, এক্সিওস

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরানের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি; তবে ইসরায়েল কাৎজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। সাইরেন বাজানোর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য সক্রিয় সতর্কতা।”

মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ২৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশের ভারসোভা বিভাগ ও মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৫০ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের প্রথম দুই মাসেই শুধুমাত্র মুম্বাই শহর থেকে ১১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অবৈধ প্রবেশ এবং শহরে থাকার ব্যবস্থার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করার কাজও চলছে। এর আগে সপ্তাহের শুরুতে ভিলে পার্লে এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে মীরা ভায়ান্ডার ওই বাসিন্দাকে, যিনি প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ, তাকে নির্বাসিত করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বাইতে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৩৮ জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৭ জনকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে। এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, শুধুমাত্র ২০২৫ সালেই এক হাজার ১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছরে ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।