
চাঁদপুরের ফরিদগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) উপজেলার ধানুয়া আল জামিয়াতুল আরাবিয়া আশরাফুল উলুম মাদরাসায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা ৫, ১০, ২০ ও ৩০ পারা গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপ থেকে যোগ্যতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়। পরে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিন। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী আব্দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিন বলেন, পবিত্র কুরআনের হিফজ সংরক্ষণ, বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা এবং হাফেজদের মেধা ও যোগ্যতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীদের কুরআন হিফজের প্রতি আগ্রহ বাড়বে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। তিনি শিক্ষার্থীদের কুরআনের শিক্ষা বাস্তব জীবনে অনুসরণের পাশাপাশি নিয়মিত অধ্যয়ন ও অনুশীলন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু হানিফ। তিনি বলেন, শিক্ষার্থীদের পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি, হিফজের প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবী হাফেজদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ করে দেয়। তিনি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুরআনের খেদমতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ফরিদগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আবু বকর, সহসভাপতি মাওলানা নেছার উদ্দিন, সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান কাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ত্বহা খান, অর্থ সম্পাদক মুফতি নজরুল ইসলাম জিহাদী, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আলাউদ্দীন বিন সিদ্দিক ও দপ্তর সম্পাদক মাওলানা আকরাম হুসাইনসহ স্থানীয় আলেম, শিক্ষক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন মাদরাসার প্রতিনিধিরা।
ধর্মীয় শিক্ষা, পবিত্র কুরআনের চর্চা ও মেধাবী হাফেজদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশক : উজ্ব্বল হোসাইন
ভিজিট : www.dailyruposhibangla.com