খুঁজুন
                               
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৭ চৈত্র, ১৪৩২

ইঞ্জিনিয়ার থেকে সাংবাদিকতা : মাস্টার্সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ বাকের সরকার বাবর

উজ্জ্বল হোসাইন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
ইঞ্জিনিয়ার থেকে সাংবাদিকতা : মাস্টার্সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ বাকের সরকার বাবর

পেশায় ইঞ্জিনিয়ার ও সফল ব্যবসায়ী হয়েও সাংবাদিকতার প্রতি গভীর আগ্রহ ও ভালোবাসা থেকে গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স সম্পন্ন করে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন ইঞ্জিনিয়ার বাকের সরকার বাবর। গত ৩ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত ফলাফলে তাঁর এই উল্লেখযোগ্য সাফল্যের বিষয়টি নিশ্চিত হয়।
জানা যায়, কসবা প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনরত বাকের সরকার বাবর দীর্ঘ পাঁচ বছর ধরে নিয়মিত পড়াশোনা, পেশাগত ব্যস্ততা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে ভারসাম্য বজায় রেখে এই অর্জন করেছেন। তাঁর এ সাফল্য কসবা প্রেসক্লাবের সদস্যসহ সহকর্মীদের মধ্যে আনন্দ ও গর্বের সঞ্চার করেছে।
বাকের সরকার বাবর জানান, হঠাৎ করেই সাংবাদিকতা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ জন্ম নেয়। এ সময় কসবা প্রেসক্লাবের সদস্যরা তাঁকে ব্যাপকভাবে উৎসাহ প্রদান করেন, যা তাঁর পথচলাকে আরও দৃঢ় করে তোলে। সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স কোর্সে ভর্তি হন।
তিনি বলেন, গত পাঁচটি বছর শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং এটি ছিল স্মৃতি, অনুভূতি এবং সম্পর্কের এক অনন্য যাত্রা। সিনিয়র ও জুনিয়র সহপাঠীদের সঙ্গে দুঃখ-আনন্দ, সংগ্রাম ও সাফল্যের গল্প ভাগাভাগি করে প্রতিটি ক্লাস জীবনের এক মূল্যবান অধ্যায় হয়ে উঠেছিল।
পড়াশোনার পাশাপাশি সহপাঠীদের নিয়ে বাসায় গ্রুপ স্টাডির আয়োজন পারস্পরিক সহযোগিতা এবং একসঙ্গে শেখার অভিজ্ঞতা তাঁর শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করেছে। তিনি আরও জানান, স্কুল ও কলেজ জীবনে বন্ধুত্বের গণ্ডি সীমিত থাকলেও মাস্টার্স কোর্স তাঁকে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের সঙ্গে পরিচিত হওয়ার এবং বন্ধুত্ব গড়ে তোলার বিরল সুযোগ করে দিয়েছে।
এই বৈচিত্র্যময় বন্ধুত্ব ও অভিজ্ঞতা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছে বলে তিনি উল্লেখ করেন। তবে ফলাফলের আনন্দের পাশাপাশি সহপাঠীদের কাছ থেকে বিচ্ছেদের কষ্টও তাঁকে স্পর্শ করেছে। হয়তো কোনো এক অপ্রত্যাশিত মুহূর্তে আবার দেখা হবে—সেই আশাতেই আছি বলেন তিনি।
বাকের সরকার বাবর বর্তমানে কম্প্রোমাইজ হোল্ডিংস লিমিটেড এবং হোম রিপেয়ার (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কসবা প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তাঁর এই সাফল্যে কসবা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর এ অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ভবিষ্যতে তিনি সাংবাদিকতা ও গণমাধ্যমে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝে সক্রিয় হলো আমেরিকার ‘কেয়ামতের বিমান’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝে সক্রিয় হলো আমেরিকার ‘কেয়ামতের বিমান’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই মার্কিন আকাশে দেখা গেল রহস্যময় ও শক্তিশালী ‘ডুমসডে প্লেন’ বা প্রলয়ঙ্করী বিমান। সোমবার (৬ এপ্রিল) নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির ওপর বোয়িং ই-৪বি নাইটওয়াচ নামের এই বিশেষ বিমানটিকে চক্কর দিতে দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া শান্তিচুক্তির সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই বিমানের উড্ডয়নকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। ফ্লাইট ট্র্যাকারের তথ্য অনুযায়ী, বিমানটি অফুট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে ওই এলাকার চারপাশে অন্তত ছয়বার চক্কর দিয়ে পুনরায় অবতরণ করে।মূলত পারমাণবিক যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সুরক্ষা দিতে এবং সরকারের কার্যক্রম সচল রাখতে এই বিমানটি তৈরি করা হয়েছে। একে বলা হয় আমেরিকার ‘উড়ন্ত পেন্টাগন’। জরুরি অবস্থায় প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ আকাশস্থ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার এবং তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়সীমা না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, একটি পুরো দেশ এক রাতেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এমন চরম উত্তেজনার মুহূর্তে এই বিশেষ বিমানের উপস্থিতি মার্কিন সামরিক প্রস্তুতিরই একটি অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তিগতভাবে এই ‘নাইটওয়াচ’ বিমানটি অবিশ্বাস্য শক্তিশালী। এটি পারমাণবিক বিস্ফোরণ, সাইবার আক্রমণ এবং ইলেক্ট্রোম্যাগনেটিক পালস প্রতিরোধে সক্ষম। বিমানটিতে রয়েছে তিনটি ডেক, ১৮টি বাঙ্ক, কনফারেন্স রুম এবং কমান্ড রুম। এর ওপরে থাকা ৬৭টি স্যাটেলাইট ডিশ ও অ্যান্টেনার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা সম্ভব।
যুক্তরাষ্ট্রের হাতে এমন চারটি বিশেষ বিমান রয়েছে, যা সারা বছরই যুদ্ধের প্রস্তুতি হিসেবে নিয়মিত মহড়া দেয়। তবে এবারের উড্ডয়নটি ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কার মাঝেই ঘটায় বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অধ্যবসায়ের আলোয় উজ্জ্বল—একজন পেশাদার মানুষের অনুপ্রেরণার গল্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
অধ্যবসায়ের আলোয় উজ্জ্বল—একজন পেশাদার মানুষের অনুপ্রেরণার গল্প

সমাজের অগ্রযাত্রায় শিক্ষার কোনো বিকল্প নেই—এই চিরন্তন সত্য আবারও প্রমাণ করলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের সিস্টেম ডেভলপার ও অনলাইন সংস্করণের মুখ্য কর্তাব্যক্তি উজ্জ্বল হোসাইন। কর্মব্যস্ততার মাঝেও নিজেকে জ্ঞানের আলোয় সমৃদ্ধ করে তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত গণমাধ্যম সাংবাদিকতায় মাস্টার্স ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। এই অর্জন নিঃসন্দেহে ব্যক্তিগত গৌরবের পাশাপাশি পুরো চাঁদপুরবাসীর জন্যও এক অনুপ্রেরণার উৎস।
বর্তমান সময়ের বাস্তবতায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই নিজেদের শিক্ষাজীবনকে আর এগিয়ে নিতে পারেন না। কিন্তু উজ্জ্বল হোসাইন প্রমাণ করেছেন—ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং সময় ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। একজন আইটি কর্মকর্তা হিসেবে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে দায়িত্ব পালন, একই সঙ্গে সংবাদমাধ্যমের প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা—এসবের পাশাপাশি উচ্চশিক্ষায় এমন সাফল্য অর্জন সত্যিই প্রশংসনীয়।
শুধু পেশাগত জীবনেই নয়, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও তিনি সমানভাবে সক্রিয়। সাহিত্য একাডেমি, চাঁদপুরের নির্বাচিত নির্বাহী সদস্য হিসেবে সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক বিকাশে তাঁর অবদান উল্লেখযোগ্য। একজন সুলেখক হিসেবে তাঁর চিন্তাশক্তি ও সৃজনশীলতা সমাজকে আলোকিত করছে। পাশাপাশি চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সম্পাদক এবং ২০২৭-২০২৮ রোটারী বর্ষের নির্বাচিত সভাপতি হিসেবে তাঁর নেতৃত্বগুণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তাঁকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।
এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য তাঁর পারিবারিক সহায়তা ও অনুপ্রেরণা। তাঁর সহধর্মিণী নাসরিন আক্তার একজন শিক্ষিকা এবং সমাজসেবী হিসেবেও পরিচিত। এমন একটি পরিবার, যেখানে শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবার চর্চা একসঙ্গে বিকশিত হয়—সেখান থেকেই জন্ম নেয় এমন অসাধারণ সাফল্য।
উজ্জ্বল হোসাইনের এই অর্জন শুধু একটি ডিগ্রি অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি বার্তা—যে বার্তা তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে শেখায়, সংগ্রাম করতে উদ্বুদ্ধ করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করে। বিশেষ করে গণমাধ্যম ও প্রযুক্তি খাতে যারা কাজ করছেন, তাদের জন্য এটি একটি দৃষ্টান্ত যে, পেশাগত দক্ষতার পাশাপাশি একাডেমিক জ্ঞান অর্জন কতটা গুরুত্বপূর্ণ।
আমরা মনে করি, এমন সাফল্যকে যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরলে তা অন্যদের মধ্যেও অনুপ্রেরণা জাগায়। উজ্জ্বল হোসাইনের এই কৃতিত্ব নতুন প্রজন্মকে জানাবে—নিজের অবস্থান যেখানেই হোক, চেষ্টা থাকলে সাফল্য অর্জন সম্ভব।
দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে তাঁকে জানানো আন্তরিক অভিনন্দন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি তাঁর প্রতি ভালোবাসা ও গর্বের বহিঃপ্রকাশ। আমরা প্রত্যাশা করি, তিনি ভবিষ্যতেও তাঁর জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পরিশেষে বলা যায়, উজ্জ্বল হোসাইনের এই অর্জন একটি আলোকবর্তিকা—যা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি সাফল্যের পেছনে থাকে নিরলস পরিশ্রম, দৃঢ় মনোবল এবং স্বপ্ন পূরণের অদম্য আকাঙ্ক্ষা। তাঁর এই পথচলা হোক আরও উজ্জ্বল, আরও বিস্তৃত।

গণমাধ্যম সাংবাদিকতায় মাস্টার্সে উজ্জ্বল হোসাইন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
গণমাধ্যম সাংবাদিকতায় মাস্টার্সে উজ্জ্বল হোসাইন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ

দৈনিক চাঁদপুর কণ্ঠের সিস্টেম ডেভলপার ও অনলাইন সংস্করণের মুখ্য কর্তাব্যক্তি উজ্জ্বল হোসাইন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত গণমাধ্যম সাংবাদিকতার মাস্টার্স ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৫৫ পেয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন।  ৪ এপ্রিল ২০২৬ এ পরীক্ষার ফলাফলে তাঁর এ কৃতিত্বর খবর জানা গেছে। তিনি চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আইটি কর্মকর্তা, সাহিত্য একাডেমি, চাঁদপুরের নির্বাচিত নির্বাহী সদস্যসহ বহু সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি একজন সুলেখক। চাঁদপুর জেলায় সমাজসেবার পুরানো সংগঠন চাঁদপুর রোটারী ক্লাবের তিনি সাবেক সম্পাদক ও ২০২৭-২০২৮ রোটারী বর্ষের নির্বাচিত সভাপতি। তাঁর সহধর্মিণী নাসরিন আক্তার চাঁদপুরের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সাবেক সভাপতি। এছাড়াও জনাব উজ্জ্বল হোসাইন পেশাগত জীবনে একজন আইটি কর্মকর্তা, সাংবাদিক ও আয়কর আইনজীবী।
তিনি ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নটমঞ্চের সভাপতি, চাঁদপুর যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রত্যয় সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি (২০১৩-১৪), শিশু থিয়েটার চাঁদপুরের সাবেক সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, চাঁদপুর বিতর্ক আন্দোলনের সাবেক এলিট সদস্য, কালের কণ্ঠ শুভ সংঘের সভাপতি, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি প্রচার সম্পাদক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভূমি সংক্রান্ত এসিজি গ্রুপের সমন্বয়ক এবং অনলাইন সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য। এভাবে তিনি বহু সংগঠনের মাধ্যমে নিজেকে একজন সংগঠক ও সমাজকর্মী হিসেবেও প্রতিষ্ঠিত করে চলেছেন। উজ্জ্বল হোসাইন আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ১৯৯৯ সালে এসএসসি পাস করেন। তারপর চাঁদপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি ও স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন, চাঁদপুর ল’ কলেজ থেকে ব্যাচেলর অব ল’ (এলএলবি) ডিগ্রি এবং সাউথ এশিয়া ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং সর্বশেষ তিনি বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে গণমাধ্যম ও সাংবাদিকতা মাস্টার্স কোর্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিনি ডিপ্লোমা ইন ডাটাবেজ প্রোগ্রামিং কোর্স সম্পন্ন করেন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন কোর্স সম্পন্ন করেন। ২০২৫ সালে তিনি আয়কর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। দক্ষতা উন্নয়নের জন্যে তিনি রোটারী ইন্টারন্যাশনাল থেকে অনলাইনের মাধ্যমে ৫০টির বেশি কোর্স সম্পন্ন করেন। এছাড়া রোটারীর বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণের জন্যে বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করেন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্ল্যানিং, ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিট্রেশনের ওপর ৭ দিনব্যাপী কর্মশালা সম্পন্ন করেন।
জনাব উজ্জ্বল হোসাইন বর্তমানে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে আইটি অফিসার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ‘দৈনিক চাঁদপুর কন্ঠে’র (https://chandpurkantha24.com) সিস্টেম ডেভলপার ও স্টাফ রিপোর্টার, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাংলা কাগজের জেলা প্রতিনিধি, চাঁদপুর পোস্ট অনলাইন (https://chandpurpost.com)-এর নির্বাহী সম্পাদক, বাংলাদেশের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অরেঞ্জ বিডি লিমিটেড চাঁদপুর শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সম্প্রতি চালুকৃত অনলাইন নিউজ পোর্টাল ডেইলি রূপসী বাংলার (www.dailyruposhibangla.com)-এর সম্পাদক। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী নাছরিন আক্তার চাঁদপুর সরকারি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার স্ত্রী উদয়ন শিশু বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন এবং চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি (২০২৪-২০২৫) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
উজ্জ্বল হোসাইন দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামক ব্র্যান্ড বুকের গ্রাফিক্স ডিজাইনার। এছাড়াও তিনি চাঁদপুর রোটারী ক্লাবের বিগত ১৫ বছর যাবৎ অভিষেক স্মরণিকা ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বার্ষিক প্রতিবেদনের সবগুলো প্রতিবেদন, সাবেক জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের কর্মকালীন সময়ে (২০১৫-২০১৮) তাঁর কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বইয়ের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেন। তাঁর আশা ভবিষ্যতে সাংবাদিকতা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন। তিনি সেজন্যে সকলের নিকট দোয়া চেয়েছেন।